গ্যাস সংকট নিরসনে দ্রুত পদক্ষেপের আশ্বাস প্রধানমন্ত্রীর

শিল্পখাতে চলমান গ্যাস সংকট দ্রুত সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৯ জুলাই) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল এ তথ্য জানান।

বৈঠক শেষে শওকত আজিজ রাসেল বলেন, সময়োপযোগী সিদ্ধান্ত না নেওয়ার কারণে শিল্পখাতে গ্যাসের সংকট তৈরি হয়েছে। তবে এ সংকট নিরসনে সরকার কার্যকর উদ্যোগ নেবে বলে প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী টেক্সটাইল খাতের সার্বিক পরিস্থিতি বোঝার চেষ্টা করছেন। খাতটির বিভিন্ন সমস্যা সমাধানে সরকারের আন্তরিকতায় উদ্যোক্তারা উৎসাহিত হয়েছেন।

তিনি আরও জানান, পুরোপুরি বন্ধ কিংবা আংশিকভাবে ক্ষতিগ্রস্ত কারখানাগুলোর অবস্থা মূল্যায়নে উদ্যোক্তাদের কাছ থেকে বিস্তারিত প্রতিবেদন চাওয়া হয়েছে। কোন কারখানার কী ধরনের সহযোগিতা প্রয়োজন, তা নির্ধারণ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।