আজ ঢাকা সফরে আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর

ঢাকা-ওয়াশিংটন দ্বিপক্ষীয় কূটনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করার লক্ষ্য নিয়ে প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোর।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে তার ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

সফরকালে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাথে সৌজন্য ও নীতিনির্ধারণী বৈঠক করবেন। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, পেশাজীবী ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় এবং কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন।

কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে, এই সফরের মূল উদ্দেশ্য হলো ঢাকা-ওয়াশিংটন দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি বাংলাদেশ সরকারের বর্তমান পররাষ্ট্রনীতির অগ্রাধিকার ও কৌশলগত অবস্থান মূল্যায়ন করা।

সম্প্রতি বাংলাদেশের ভূ-রাজনৈতিক তৎপরতা আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে গত জুনে প্রধানমন্ত্রীর চীন সফর, পররাষ্ট্রমন্ত্রীর মস্কো সফর এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরের পর ওয়াশিংটন বাংলাদেশের অবস্থান গভীরভাবে পর্যবেক্ষণ করছে।

একই সাথে ভারতের মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করায় সার্জিও গোর ঢাকা-দিল্লি সম্পর্কের অগ্রগতি নিয়ে জানতে চাইতে পারেন। পাশাপাশি চীন, রাশিয়া ও তুরস্কের সাথে বাংলাদেশের সাম্প্রতিক কূটনৈতিক তৎপরতা নিয়েও আলোচনায় গতি আসতে পারে।

উল্লেখ্য, এর আগে মার্চে যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর এবং মে মাসে সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চ বাংলাদেশ সফর করেছিলেন। সম্প্রতি ম্যানিলায় আসিয়ান ফোরামের বৈঠকেও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাথে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বৈঠকে উপস্থিত ছিলেন সার্জিও গোর।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত সার্জিও গোর পূর্বে হোয়াইট হাউসের প্রেসিডেনশিয়াল পার্সোনেল অফিসের পরিচালকের দায়িত্বও পালন করেছেন।