রাজধানীর বকশীবাজারে সরকারি আলিয়া মাদরাসায় ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সাম্প্রতিক সংঘর্ষের পর আবারও উত্তেজনা তৈরির আশঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মাদরাসা ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
শনিবার (৮ আগস্ট) সকাল থেকেই সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মাদরাসা প্রাঙ্গণ, সড়ক ও আশপাশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বকশীবাজার মোড়, আলিয়া মাদরাসা সড়ক এবং মাদরাসার প্রধান ফটকের সামনে পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। কয়েক দিন আগে ক্যাম্পাসে দুই ছাত্রসংগঠনের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটেছিল।
পুলিশ জানায়, একটি পক্ষ পুনরায় মাদরাসা ক্যাম্পাসে প্রবেশ করবে বলে ঘোষণা দেওয়ায় নতুন করে সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। এ কারণে আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, আবাসিক হলের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে উত্তেজনা চলছিল। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার বিকেলে পরিস্থিতি রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। ওই সময় দুই পক্ষের নেতাকর্মীদের দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে জড়াতে দেখা যায়।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে কয়েকজনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে সহপাঠীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
এর চার দিন পর শনিবার ছাত্রশিবিরের পক্ষ থেকে ফের মাদরাসায় প্রবেশের ঘোষণা দেওয়া হয়। এরপর সম্ভাব্য সংঘাতের আশঙ্কায় ক্যাম্পাস ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।