নাশকতা ঠেকাতে পুলিশকে 'সর্বোচ্চ সতর্ক' থাকার নির্দেশ ডিএমপি কমিশনারের

আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ১১:৩৩ এএম

আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ সদস্যদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ। একই সঙ্গে নাশকতা, মাদক, অবৈধ অস্ত্র, ছিনতাই ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

রোববার (২৩ নভেম্বর) ডিএমপি হেডকোয়ার্টার্সে অক্টোবর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এসব নির্দেশনা দেন কমিশনার।

সভায় মোসলেহ্ উদ্দিন আহমদ বলেন, প্রতিটি থানার আওতাধীন এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধ, অবৈধ অস্ত্র উদ্ধার এবং ছিনতাইকারী, মাদক কারবারি ও চাঁদাবাজদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালাতে হবে।

কোনো ধরনের অপরাধ যাতে সংঘটিত হতে না পারে, সে জন্য পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্কতা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

সবার সম্মিলিত প্রচেষ্টায় রাজধানীর আইনশৃঙ্খলা রক্ষায় ডিএমপি ভবিষ্যতে আরও এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন কমিশনার।

সভায় ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা বিধানসহ বিভিন্ন ক্ষেত্রে ভালো কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের কয়েকটি ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়।

এসজেড
আরও পড়ুন
সর্বশেষপঠিত