অক্টোবরে চালু হবে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুদের জন্য বিশেষায়িত চিকিৎসাসেবা আরও বিস্তৃত করতে দেশের পাঁচ অঞ্চলে ২০০ শয্যাবিশিষ্ট পাঁচটি শিশু হাসপাতাল চালু করছে সরকার। আগামী অক্টোবরেই খুলনা, বরিশাল, রংপুর, রাজশাহী ও কুমিল্লায় এসব হাসপাতাল একযোগে উদ্বোধন করা সম্ভব হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১৫ আগস্ট) রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালের নবনির্মিত ৫০০ শয্যার ভবন উদ্বোধন শেষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা জানান।

এর আগে সকাল ১০টার দিকে তিনি হাসপাতালটির নতুন ভবন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। উদ্বোধন উপলক্ষে হাসপাতাল প্রাঙ্গণে গাছের চারা রোপণ, বিশেষ মোনাজাত এবং বেলুন ও পায়রা ওড়ানো হয়।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী বলেন, আধুনিক স্বাস্থ্যব্যবস্থার লক্ষ্য শুধু অবকাঠামো ও প্রযুক্তির সম্প্রসারণ নয়। উন্নত প্রযুক্তি, দক্ষ মানবসম্পদ, সুশাসন ও সময়োপযোগী নীতির সমন্বয়ের মাধ্যমে দেশের মানুষের জন্য সহজলভ্য, সাশ্রয়ী ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য।

তিনি আরও বলেন, ২০০৬ সালের ২৩ অক্টোবর সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়া ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। সময়ের প্রয়োজন অনুযায়ী আধুনিক সুযোগ-সুবিধা যুক্ত করে হাসপাতালটির পরিসর আরও বাড়ানো হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, স্বাস্থ্যকে শুধু মৌলিক অধিকার হিসেবে নয়, দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবেও দেখছে সরকার। প্রত্যন্ত অঞ্চলের মানুষ, দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে সাশ্রয়ী ও মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দিতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

রাজধানীমুখী চিকিৎসার চাপ কমাতে ই-হেলথ কার্ডের মাধ্যমে কার্যকর রেফারেল ব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার কাজ চলছে বলেও জানান তিনি।

এ ছাড়া দেশের প্রতিটি ইউনিয়নে পূর্ণাঙ্গ প্রাথমিক স্বাস্থ্যসেবা ইউনিট প্রতিষ্ঠার কাজ শুরু হয়েছে। পর্যায়ক্রমে প্রতিটি উপজেলা হাসপাতালকে ১৫১ শয্যাবিশিষ্ট হাসপাতালে উন্নীত করার উদ্যোগও নেওয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।