জাতীয় মৎস্যপক্ষের উদ্বোধন উপলক্ষে আজ রোববার (১৬ আগস্ট) কিশোরগঞ্জ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার গঠনের পর ঢাকার বাইরে এটাই তাঁর প্রথম আনুষ্ঠানিক জেলা সফর।
প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত সফরসূচি অনুযায়ী এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।
প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে পুরো কিশোরগঞ্জজুড়ে বইছে উৎসবের আমেজ।
সফরে তিনি পাকুন্দিয়া, কটিয়াদী ও সদর উপজেলার বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন এবং শোলাকিয়া ঈদগাহে একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন।
ঐতিহাসিক এই সফরকে কেন্দ্র করে যোগাযোগের আধুনিকায়ন, কৃষিপণ্য সংরক্ষণ ও হিমাগার স্থাপনসহ একগুচ্ছ মৌলিক দাবি তুলে ধরেছেন হাওরাঞ্চলের বাসিন্দা, ব্যবসায়ী ও স্থানীয় রাজনৈতিক নেতারা।
শিল্পায়নের গতি বাড়াতে বন্ধ থাকা টেক্সটাইল ও চিনিকল চালু, নতুন ইপিজেড স্থাপন এবং ভৈরবে ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ার জোর দাবি জানিয়েছেন ব্যবসায়ী সমাজ।
স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, সরারচর এয়ারস্ট্রিপকে বিমানবন্দরে রূপান্তর, হাওর পর্যটন অঞ্চল ঘোষণা এবং নরসুন্দা নদীর স্বাভাবিক নাব্যতা ও পরিচ্ছন্নতা ফিরিয়ে আনার আহ্বানও জানিয়েছেন জেলাবাসী।