কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের বিষয়ে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এর আগে বুধবার কলকাতায় নিউমার্কেটের কাছে মির্জা গালিব স্ট্রিটের একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ ৮ বাংলাদেশি নিহত হন।
এ ঘটনার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে হাইকমিশনার বলেন, ‘খুব দুঃখের কথা। যা যা করার আছে, আমরা নিশ্চয়ই করবো।’
তবে সেখানে কোনো গাফিলতি ছিল কি না, আপনারা বিষয়টি তদন্ত করবেন কি না? সাংবাদিকদের এমন প্রশ্নে দীনেশ ত্রিবেদী কোনো জবাব দেননি।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন সাংবাদিকদের বলেন, ‘এটি ছিল সম্পূর্ণ সৌজন্য সাক্ষাৎ। ভারতে বাংলাদেশি নিহত হওয়ার প্রসঙ্গ আমি উঠাইনি।’
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘ওনারা আমাদের প্রাইম মিনিস্টারকে দাওয়াত দিয়েছেন, এটা শুধু বলেছেন। তারা আশা করছেন তিনি (প্রধানমন্ত্রী) যাবেন।’