সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মধ্যে নওগাঁর আরও পাঁচজনের মরদেহ আগামীকাল শনিবার (৩১ অক্টোবর) দেশে আসছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বাংলাদেশ দূতাবাস, রিয়াদের কাউন্সেলর মুহাম্মদ রেজায়ে রাব্বির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩৩৬ ফ্লাইটে শনিবার সকাল ৮টা ৫ মিনিটে মরদেহগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
দেশে ফিরতে যাওয়া পাঁচজন হলেন—নওগাঁ শহরের পার নওগাঁ এলাকার মজনু রহমানের ছেলে শাহিন, আত্রাই উপজেলার ডুবাই গ্রামের নাজমুল হুদার ছেলে হাসিবুল হাসান শুভ, মধ্যবোয়ালিয়া গ্রামের আক্কাস প্রামাণিকের ছেলে মিনহাজ প্রামাণিক, মাধবপুর গ্রামের মজনু সরদারের ছেলে মাসিদুল সরদার সজীব এবং সাধনগর গ্রামের আজহার আলীর ছেলে সাগর আলী।
আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরুজ্জামান জানিয়েছেন, নিহতদের পরিবারের সঙ্গে প্রশাসনের নিয়মিত যোগাযোগ রয়েছে। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সঙ্গে সমন্বয় করে মরদেহগুলো দেশে আনার ব্যবস্থা করা হচ্ছে। শনাক্ত হওয়া পাঁচজনের মধ্যে চারজন আত্রাই উপজেলার এবং একজন নওগাঁ সদর এলাকার বাসিন্দা।
রিয়াদের কারখানায় আগুনে প্রাণ যায় ১৬ বাংলাদেশির
গত ৯ আগস্ট সৌদি আরবের রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি কর্মী নিহত হন। তাঁদের মধ্যে প্রথম দফায় পরিচয় শনাক্ত হওয়া নয়জনের মরদেহ গত ২৭ আগস্ট দেশে আনা হয়।
সৌদি কর্তৃপক্ষ আঙুলের ছাপ পরীক্ষার মাধ্যমে প্রথমে ওই নয়জনের পরিচয় শনাক্ত করেছিল। পরে বাকি মরদেহগুলোর পরিচয় নিশ্চিত করতে ডিএনএ পরীক্ষা করা হয়।
নওগাঁর আরও পাঁচজনের মরদেহ দেশে ফেরার মধ্য দিয়ে স্বজনদের কাছে তাঁদের শেষবারের মতো ফিরে পাওয়ার অপেক্ষার অবসান হতে যাচ্ছে।
ট্রাম্প-নেতানিয়াহুর ভিত কাঁপিয়ে দেওয়া ইরানের শীর্ষ ৮ ব্যক্তির কার কি দায়িত্ব?
ইসরায়েলের রাজনৈতিক অচলাবস্থা কাটানোর ৫ পথ