রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন রাষ্ট্রপতি নির্বাচনে সর্বপ্রথম ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ও ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে নির্ধারিত সময় অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়।

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল অনুযায়ী, বেলা ২টা ১০ মিনিটে ভোটগ্রহণ শুরু হয়। শুরুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ ভোট দেন। এরপর ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল ভোট দেন। পরে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেদের ভোট প্রদান করেন।

এ ছাড়া, এতে বিরোধীদলীয় সংসদ সদস্যরাও ভোট দিচ্ছেন।

রাষ্ট্রপতি নির্বাচনে মোট ৩৪৯ জন সংসদ সদস্যের ভোট দেওয়ার কথা রয়েছে। নির্বাচনে সংসদ সদস্যদের ভোটে দেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত হবেন।

রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ. এম. এম. নাসির উদ্দিন। তাকে সহায়তা করছেন নির্বাচন পরিচালনার সঙ্গে যুক্ত সহকারী কর্মকর্তারা।

এদিকে, সিইসি নাসির উদ্দিন ভোট শুরুর আগে নির্বাচনের নিয়ম তুলে ধরেন। তিনি বলেন, ‘সংবিধান অনুযায়ী সংসদ সদস্যদের ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন করা হবে। যিনি সর্বাধিক ভোট পাবেন, তার নাম সংসদেই ঘোষণা করা হবে।’

সিইসি আরও জানান, ভোট প্রদান ও গণনার সময় সংসদ সদস্যরা উপস্থিত থাকতে পারবেন।

ভোটগ্রহণ বিকেল ৫টা পর্যন্ত চলবে। এরপর ভোট গণনা শেষে সর্বোচ্চ ভোট পাওয়া প্রার্থীর নাম সংসদেই জানিয়ে দেওয়া হবে।

উল্লেখ্য, এবারের রাষ্ট্রপতি নির্বাচনে দু’জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।