প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন আজ 

আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ০২:১৭ এএম

দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, কারাবাস ও প্রবাসজীবন শেষে এখন দেশের সরকারপ্রধানের আসনে তারেক রহমান। আজ ২০ নভেম্বর, শুক্রবার বিএনপির এই চেয়ারম্যানের জন্মদিন। রাষ্ট্রের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই তার প্রথম জন্মদিন।

১৯৬৫ সালের এই দিনে জন্মগ্রহণ করেন তারেক রহমান। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তিনি। ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারে জন্ম নিলেও মাঠপর্যায়ের কর্মকাণ্ড থেকেই তার রাজনৈতিক পথচলা শুরু।

শিক্ষা ও রাজনীতির শুরুর কথা

ঢাকার শাহীন স্কুল অ্যান্ড কলেজে তার প্রাতিষ্ঠানিক শিক্ষার হাতেখড়ি হয়। পরবর্তীতে রেসিডেনশিয়াল মডেল স্কুল থেকে মাধ্যমিক এবং আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ভর্তি হন তিনি।

১৯৮৮ সালে বাবার পৈতৃক ভিটা বগুড়ার গাবতলীতে বিএনপির প্রাথমিক সদস্যপদ নেওয়ার মাধ্যমে আনুষ্ঠানিক রাজনীতিতে যুক্ত হন। সেখান থেকেই তার সাংগঠনিক জীবনের নতুন অধ্যায় শুরু হয়।

১৯৯১ সালের সংসদ নির্বাচনে দলের পক্ষে জনমত তৈরি ও প্রচারণায় সক্রিয় ভূমিকা রাখেন তিনি। খালেদা জিয়া যে পাঁচটি আসনে লড়েছিলেন, সেগুলোর নির্বাচনী সমন্বয়ও করেন জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির এই সদস্য। ১৯৯৩ সালে বগুড়া জেলা কমিটিতে যুক্ত হওয়ার পর দলে তার সক্রিয়তা আরও বাড়ে।

কারাবাস থেকে দীর্ঘ প্রবাসজীবন

২০০৭ সালে সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে গ্রেফতার হওয়ার মধ্য দিয়ে তার জীবনে কঠিন অধ্যায় আসে। হেফাজতে থাকাকালে তিনি শারীরিক নির্যাতনের শিকার হয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। একাধিক মামলার পর ২০০৮ সালে চিকিৎসার উদ্দেশ্যে লন্ডনে পাড়ি জমান এবং দীর্ঘ নির্বাসিত জীবন শুরু করেন।

দূরদেশে অবস্থান করলেও দলের হাল ছাড়েননি তারেক রহমান। লন্ডন থেকেই সাংগঠনিক কাজ গুছিয়ে নেওয়া ও আন্দোলনের দিকনির্দেশনা দিতে থাকেন তিনি। ২০১৮ সালে খালেদা জিয়া কারাগারে গেলে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নেন এবং বিদেশ থেকেই দলকে নেতৃত্ব দেন।

প্রবাসে কাটানো দীর্ঘ সময়জুড়ে দেশে ফেরা, গণতান্ত্রিক অধিকার ও রাজনৈতিক পরিবর্তনের দাবি তার বক্তব্যে বারবার উঠে এসেছে।

প্রত্যাবর্তন ও রাষ্ট্রক্ষমতায় আরোহণ

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হয়। দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে ২০২৫ সালের ২৫ ডিসেম্বর সপরিবারে দেশে ফেরেন তিনি। ঢাকায় তার ফেরাকে কেন্দ্র করে নেতাকর্মী ও সমর্থকদের বিপুল সমাগম ঘটে।

দেশে ফিরে সরাসরি মাঠে নামেন তারেক রহমান এবং দলকে নির্বাচনী প্রস্তুতিতে মনোনিবেশ করান। পাশাপাশি রাষ্ট্র পরিচালনা ও ভবিষ্যৎ রূপরেখা নিয়ে নানা বক্তব্য তুলে ধরেন।

চলতি বছরের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার নেতৃত্বে বড় জয় পায় বিএনপি। বগুড়া-৬ ও ঢাকা-১৭—উভয় আসনেই বিজয়ী হন তিনি এবং ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন।

জন্মদিনের কর্মসূচি

প্রধানমন্ত্রীর জন্মদিন ঘিরে ধর্মীয় ও সেবামূলক নানা উদ্যোগ নেওয়া হয়েছে। আজ শুক্রবার জুমার নামাজের পর গুলশানের কালাচাঁদপুর দাখিল মাদ্রাসা ও উত্তর বারিধারার এতিমখানায় দোয়া ও মোনাজাতের আয়োজন করেছে জিয়াউর রহমান ফাউন্ডেশন। সেখানে এতিমদের মাঝে খাবার বিতরণের কথাও রয়েছে।

এ ছাড়া সারাদেশে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা নিজেদের মতো করে দিনটি উদযাপন করবেন বলে জানা গেছে।

এইচএন
আরও পড়ুন
সর্বশেষপঠিত