জাতিসংঘ অধিবেশন 

যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মালয়েশিয়া ও চীন সফর শেষে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সবকিছু ঠিক থাকলে আগামী ২১ সেপ্টেম্বর নিউইয়র্কের উদ্দেশে তার ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর সম্ভাব্য ৯ দিনের এই সফর ঘিরে জোর প্রস্তুতি চলছে। সফরসঙ্গীদের ভিসার প্রক্রিয়া এগোনোর পাশাপাশি ঢাকার মার্কিন দূতাবাসে নোট ভার্বালের মাধ্যমে সফরসূচি নিশ্চিত করা হয়েছে।

সরকারপ্রধান হিসেবে এবারই প্রথম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন তারেক রহমান। অধিবেশনের মূল পর্বের পাশাপাশি তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ সাইডলাইন বৈঠকেও অংশগ্রহণ করবেন।

বাংলাদেশের জন্য এবারের অধিবেশনটি বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ এতে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। আগামী ৮ সেপ্টেম্বর তার জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নেওয়ার কথা রয়েছে।

যুক্তরাষ্ট্র সফরকালে নিউইয়র্ক ছাড়াও সানফ্রান্সিসকো যাওয়ার পরিকল্পনা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখানে তিনি প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত একটি মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

অন্যদিকে, প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আলোচনা থাকলেও তা এখনও চূড়ান্ত হয়নি। সম্প্রতি প্রেস সচিব সালেহ শিবলী রয়টার্সকে জানিয়েছেন, এ বিষয়ে বাংলাদেশ এখনও আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত নেয়নি।

তথ্যসূত্র: পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রেস সচিব সালেহ শিবলীর বরাতে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স।