কফিনে স্বজনের নিথর দেহ, কান্নায় ভারি বিমানবন্দরের পরিবেশ

সৌদি আরবে কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মধ্যে শনাক্ত হওয়া ৯ জনের মরদেহ দেশে এসেছে। এই ৯ জনের মধ্যে ৭ জনের বাড়ি নওগাঁর আত্রাই উপজেলায়, বাকি দুজন নাটোর ও রাজশাহীর।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৪০ নম্বর ফ্লাইটযোগে নয়জনের মরদেহ বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৪টা ৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এসময় স্বজনদের কান্নায় ভারি হয়ে উঠে বিমানবন্দরের পরিবেশ।

মরদেহগুলো গ্রহণ করার জন্য তাদের পরিবার এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বিমানবন্দরে উপস্থিত হয়েছেন। বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে স্বজনেরা মরদেহ গ্রহণ করে নিজ নিজ এলাকায় নিয়ে যাবেন।

গত ৯ আগস্ট রিয়াদের একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু হয়। আঙুলের ছাপ পরীক্ষার মাধ্যমে তাদের মধ্যে ৯ জনের পরিচয় নিশ্চিত করা হয়েছে।

আত্রাই উপজেলার মারা যাওয়া সাতজন হলেন- উপজেলার উদনপৈ গ্রামের মো. ফরিদ, গ-গোহালী গ্রামের রুবেল প্রামাণিক, কলিমউদ্দিন ইসলাম, মোহন আলী ও তার ছোট ভাই সুমন আলী, ডুবাই গ্রামের সোহেল রানা এবং পারকাসুন্দা গ্রামের আব্দুল জলিল সরকার।

এ ছাড়া, ওই দুর্ঘটনায় নিহত নাটোরের নলডাঙ্গা উপজেলার মহিষডাঙ্গা গ্রামের রবিউল ইসলাম এবং রাজশাহীর বাগমারা উপজেলার মরুগ্রামের শ্যামল উদ্দিনের মরদেহ দেশে এসেছে।