সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনায় ঢাকা থেকে রিয়াদগামী পাঁচটি ফ্লাইট বাতিল করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) থেকে রোববার (১১ অক্টোবর) সকাল পর্যন্ত এসব ফ্লাইট বাতিল করা হয় বলে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা এয়ারলাইন্স, সৌদিয়া ও রিয়াদ এয়ারের ফ্লাইট রয়েছে।
শনিবার (১০ অক্টোবর) ঢাকা থেকে রিয়াদের উদ্দেশে ছেড়ে যাওয়া ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট মাঝপথ থেকে ফিরে আসে। রিয়াদ বিমানবন্দরের পরিস্থিতি বিবেচনায় নিয়ে ফ্লাইটটি ওমানের মাস্কাট বিমানবন্দরে অবতরণ করে। পরে সেখান থেকে ঢাকায় ফিরে আসে।
এদিকে শনিবার (১০ অক্টাবর) মধ্যরাতে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১২ জন নিহত ও ৩০৯ জন আহত হয়েছেন বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। হতাহতদের মধ্যে বাংলাদেশিসহ মিশর, জর্ডান, ফিলিস্তিন, সুদান, সিরিয়া ও যুক্তরাষ্ট্রের নাগরিক রয়েছেন। হামলার পর বিমানবন্দরের সব কার্যক্রম স্থগিত করা হয়েছে বলেও জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত এক সপ্তাহে রিয়াদ বিমানবন্দরে অন্তত চারবার হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে গত বৃহস্পতিবারের হামলায় এক পাইলটসহ সৌদি আরবের তিন নাগরিক নিহত হন।
ওই দিন বিমানবন্দরের অবকাঠামোর পাশাপাশি সৌদিয়া এয়ারলাইন্সের একটি বিমানও হামলার লক্ষ্যবস্তু হয়। এতে ওই পাইলটের মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
প্রায় দুই মাস ধরে ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহী এবং সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মধ্যে হামলা-পাল্টা হামলা চলছে। এই সংঘাতের মধ্যে রিয়াদ বিমানবন্দর হুথিদের অন্যতম প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এর আগে সৌদি আরবের আকাশসীমা ব্যবহার করে কোনো বিমান চলাচল করলে সংশ্লিষ্ট বিমান সংস্থাগুলোকে কঠোর পরিণতির মুখে পড়তে হবে বলে হুঁশিয়ারি দিয়েছিল হুথিরা। এর পরদিন শনিবার রিয়াদের বিমানবন্দরে বড় ধরনের হামলার খবর সামনে আসে।
পিটিআইয়ের লংমার্চ: রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা জারি
রাজধানীর মোহাম্মদপুরে অটোরিকশা চালকদের অবরোধ, তীব্র যানজট