সরকারি সফরে সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান

সরকারি সফরে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বাংলাদেশ নৌবাহিনীর প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম।

শনিবার (৫ সেপ্টেম্বর) তিনি সৌদি আরবের উদ্দেশে রওনা হন।

সফরকালে সৌদি আরবের সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ, রয়েল সৌদি নেভাল ফোর্সের প্রধান এবং মাল্টিন্যাশনাল মেরিটাইম ডিফেন্স কোয়ালিশনের কমান্ডারের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে নৌবাহিনী প্রধানের।

এসব বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরবের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। পাশাপাশি দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও এগিয়ে নেওয়া এবং নৌবাহিনী দুটির মধ্যে সহযোগিতা বাড়ানোর বিভিন্ন দিক নিয়েও মতবিনিময় করবেন তারা।

সৌদি আরবে অবস্থানকালে নৌবাহিনী প্রধান দেশটির বিভিন্ন সামরিক ও নৌ স্থাপনা পরিদর্শন করবেন। এ সময় দুই দেশের নৌবাহিনীর পেশাগত সম্পর্ক, প্রশিক্ষণ এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।

নৌবাহিনী প্রধানের এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বিদ্যমান সামরিক ও নৌ সহযোগিতা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।