চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি

চলতি সেপ্টেম্বর মাসের মধ্যেই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার।

তিনি জানান, স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে। ইউপি নির্বাচনের জন্য ভোটার তালিকা হালনাগাদ ও ভোটকেন্দ্র নির্ধারণের কাজও শেষ হয়েছে। বর্তমানে প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তাদের প্যানেল তৈরির কাজ চলছে।

ইসি আনোয়ারুল বলেন, আগামী সপ্তাহে ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে পর্যালোচনা বৈঠকে বসবে নির্বাচন কমিশন। নির্বাচন যাতে সহিংসতামুক্ত, অবাধ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়, সে লক্ষ্যে রাজনৈতিক দল, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে মতবিনিময়ের পরিকল্পনাও রয়েছে।

তিনি আরও জানান, ইউপি নির্বাচনে ভোটকেন্দ্রের নিরাপত্তা ও নজরদারি জোরদারে সিসি ক্যামেরা এবং বডি ওর্ন ক্যামেরার সংখ্যা বাড়ানো হবে।

এর আগে জামায়াতে ইসলামী এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়ার দাবি জানিয়েছিল। তবে শিক্ষকদের এ ধরনের রাজনৈতিক সম্পৃক্ততা শিক্ষাপ্রতিষ্ঠানে সুষ্ঠু পরিবেশ বজায় রাখার ক্ষেত্রে বাধা তৈরি করতে পারে বলে মনে করেন নির্বাচন কমিশনার।