ডেঙ্গুর বিস্তার রোধে সাধারণ মানুষকে সম্পৃক্ত করে দেশব্যাপী পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কার্যক্রম আরও জোরদারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (৬ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে ডেঙ্গু পরিস্থিতি ও তা মোকাবিলায় করণীয় নিয়ে আয়োজিত এক সভায় তিনি এ নির্দেশ দেন।
সভায় প্রধানমন্ত্রী বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি প্রতিষ্ঠানগুলোর ওপর নির্ভর করলে হবে না; স্থানীয় পর্যায়ে জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। বাড়িঘর ও আশপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি দ্রুত সরিয়ে ফেলা এবং ময়লা-আবর্জনা অপসারণের মাধ্যমে মশার প্রজননস্থল ধ্বংসে মানুষকে সচেতন করার ওপর গুরুত্ব দেন তিনি।
পরিচ্ছন্নতা অভিযানে দুর্যোগ ব্যবস্থাপনা স্বেচ্ছাসেবকদের পাশাপাশি বিএনসিসি, রোভার স্কাউট ও রেড ক্রিসেন্টের কর্মীদের যুক্ত করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে এসব সংগঠনের মাধ্যমে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার কথাও বলেন তিনি।
সভায় উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর ডেঙ্গু চিকিৎসা ও রোগী ব্যবস্থাপনা সক্ষমতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। হাসপাতালে ভর্তি রোগীদের জন্য মশারির ব্যবস্থা করার ওপর গুরুত্ব দেওয়া হয়। এতে আক্রান্ত রোগীকে কামড় দেওয়া মশার মাধ্যমে অন্যদের মধ্যে ডেঙ্গু ছড়িয়ে পড়ার ঝুঁকি কমবে বলে সভায় উল্লেখ করা হয়।
সভায় নেওয়া সিদ্ধান্তগুলো বাস্তবায়নের ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘মাঠে এর প্রতিফলন থাকতে হবে।’
ডেঙ্গু মোকাবিলায় চিকিৎসার পাশাপাশি প্রতিরোধমূলক কার্যক্রমকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেন তিনি।
সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আব্দুল মঈন খান, প্রতিমন্ত্রী মীর শাহে আলম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিতসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
২ দিনের সফরে ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি
৪ হাজার ৩৪১ হাজিকে প্রায় ৫ কোটি টাকা ফেরত দিচ্ছে সরকার
রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী