ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) দুই উপ-কমিশনারকে (ডিসি) বদলি করা হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়। বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে ডিএমপির ট্রাফিক-গুলশান বিভাগের ডিসি মো. আনোয়ার সাঈদকে ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগে এবং ডিসি (ক্রাইম বিভাগ) মো. জুবায়েরকে ট্রাফিক-গুলশান বিভাগে বদলি করা হয়েছে।
অফিস আদেশে বলা হয়েছে, বদলি হওয়া কর্মকর্তাদের নতুন কর্মস্থলে দায়িত্ব গ্রহণের পরবর্তী কার্যক্রম যথাযথভাবে সম্পন্ন করতে হবে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এর আগে গত ৩০ আগস্ট ডিএমপির তিন ডিসি ও পাঁচ অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) পদমর্যাদার কর্মকর্তাকে বদলি করা হয়। সেদিন ডিএমপির ডিসি মো. শরফুদ্দীনকে প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ বিভাগে, ট্রাফিক-ওয়ারী বিভাগের আজাদ রহমানকে ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগে এবং সিটি-রিচার্স অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের মোহাম্মদ নূরে আলমকে ট্রাফিক-ওয়ারী বিভাগে বদলি করা হয়।
এ ছাড়া পাঁচ এডিসির মধ্যে গোয়েন্দা-মিরপুর বিভাগের মো. সোনাহার আলীকে গোয়েন্দা-গুলশান বিভাগে, কোয়ার্টার মাস্টার বিভাগের মো. সাজ্জাদ হোসেনকে ক্যান্টনমেন্ট জোনে, ক্যান্টনমেন্ট জোনের মোহাম্মদ আবির হাসানকে স্টাফ অফিসার টু কমিশনার, গোয়েন্দা-রমনা বিভাগের মো. জিয়াউর রহমান চৌধুরীকে পিওএম-পূর্ব বিভাগে এবং পিওএম-পূর্ব বিভাগের মো. নজরুল ইসলামকে গোয়েন্দা-রমনা জোনাল টিমে বদলি করা হয়।