বদলির পরও সরকারি বাসায় না ছাড়লে ‘গুনতে হবে দ্বিগুণ ভাড়া’

আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ পিএম

ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার বাইরে বদলি বা পদায়ন হওয়ার পরও সরকারি বাসা দখলে রাখলে নির্ধারিত সময় শেষে দ্বিগুণ হারে বাড়িভাড়া দিতে হবে। বাংলাদেশ বরাদ্দ বিধিমালা, ১৯৮২ অনুযায়ী, বদলির দুই মাসের মধ্যে সরকারি বাসার দখল ছাড়তে হবে। তবে সন্তানের লেখাপড়ার বিষয় বিবেচনায় সরকারের অনুমোদন সাপেক্ষে সর্বোচ্চ ছয় মাস পর্যন্ত বাসার বরাদ্দ বহাল রাখার সুযোগ রয়েছে।

এ বিষয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সতর্ক করে সম্প্রতি একটি চিঠি দিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন সরকারি আবাসন পরিদপ্তর।

গত ১৯ নভেম্বর সব সিনিয়র সচিব ও সচিব, বিভিন্ন অধিদপ্তর ও দপ্তরপ্রধান, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে চিঠিটি পাঠানো হয়। এতে অধীনস্থ কর্মকর্তা-কর্মচারীদের বিধিমালা সম্পর্কে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

সরকারি আবাসন পরিদপ্তরের চিঠিতে বলা হয়েছে, ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারীরা পরিদপ্তরের আওতাধীন সরকারি বাসা বরাদ্দ পেয়ে থাকেন। পরবর্তী সময়ে দাপ্তরিক প্রয়োজনে তাদের অনেককে সংশ্লিষ্ট সিটি করপোরেশন এলাকার বাইরে বদলি করা হয়।

কিন্তু অনেক ক্ষেত্রে বদলির তথ্য সরকারি আবাসন পরিদপ্তরকে জানানো হয় না। আবার কেউ কেউ বদলির পর বিধি অনুযায়ী নির্ধারিত সময় পার হলেও সরকারি বাসার দখল ছাড়েন না। এ ধরনের কর্মকাণ্ড বাংলাদেশ বরাদ্দ বিধিমালা, ১৯৮২-এর পরিপন্থি।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট সিটি করপোরেশন এলাকার বাইরে বদলি হওয়ার পরও অনুমোদিত সময়ের বেশি সরকারি বাসায় অবস্থান করলে বিধি অনুযায়ী দ্বিগুণ হারে বাড়িভাড়া দিতে হয়।

অনেক কর্মকর্তা-কর্মচারী দ্বিগুণ হারে ভাড়া আদায়ের বিধান সম্পর্কে অবগত ছিলেন না বলে দাবি করে অতিরিক্ত ভাড়া মওকুফের আবেদন করেন। তবে সরকারি আবাসন পরিদপ্তর জানিয়েছে, বিধি অনুযায়ী অননুমোদিতভাবে সরকারি বাসায় অবস্থানের কারণে ধার্য করা দ্বিগুণ ভাড়ার অর্থ মওকুফ করার এখতিয়ার পরিদপ্তরের নেই।

বাংলাদেশ বরাদ্দ বিধিমালা, ১৯৮২-এর ১৫(২) উপবিধি অনুযায়ী, কোনো সরকারি কর্মচারী চাকরি থেকে বরখাস্ত, অপসারিত বা পদত্যাগ করলে, চুক্তিভিত্তিক চাকরির মেয়াদ শেষ হলে, বদলি হলে, বিদেশে প্রেষণে নিয়োগ পেলে অথবা অবসরে গেলে দুই মাসের মধ্যে সরকারি বাসার দখল ছাড়তে হবে।

তবে একই বিধিমালার ১৫(৩) উপবিধিতে বিশেষ সুযোগ রাখা হয়েছে। এতে বলা হয়েছে, বরাদ্দপ্রাপ্ত সরকারি কর্মচারীর সন্তানের লেখাপড়ার কারণে বাসার বরাদ্দ বহাল রাখা একান্ত প্রয়োজন হলে সরকারের ইচ্ছাধীন ক্ষমতাবলে সর্বোচ্চ ছয় মাস পর্যন্ত বরাদ্দ বহাল রাখা যেতে পারে।

অর্থাৎ, বিশেষ পরিস্থিতিতে ছয় মাস পর্যন্ত সরকারি বাসায় থাকার সুযোগ থাকলেও এ জন্য সরকারের অনুমোদন প্রয়োজন হবে।

বিধিমালার ১৯(২) উপবিধিতে অননুমোদিতভাবে সরকারি বাসা দখলে রাখার জন্য বাড়তি ভাড়া আদায়ের বিধান রয়েছে।

এ বিধান অনুযায়ী, অননুমোদিত দখলের ক্ষেত্রে সংশ্লিষ্ট সরকারি কর্মচারীর জাতীয় বেতন স্কেল অনুযায়ী প্রাপ্য বাড়িভাড়া ভাতার দ্বিগুণ হারে বাসার ভাড়া নির্ধারণ করতে হবে।

ফলে নির্ধারিত সময়সীমা অতিক্রম করে কিংবা প্রয়োজনীয় অনুমোদন ছাড়া সরকারি বাসায় অবস্থান করলে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীকে দ্বিগুণ হারে ভাড়া পরিশোধ করতে হবে।

সরকারি আবাসন পরিদপ্তরের চিঠিতে বলা হয়েছে, এ ধরনের পরিস্থিতিতে পরবর্তী সময়ে জটিলতা এড়াতে বাংলাদেশ বরাদ্দ বিধিমালার সংশ্লিষ্ট বিধান যথাযথভাবে অনুসরণ করা জরুরি।

এ জন্য সংশ্লিষ্ট সব দপ্তর ও প্রতিষ্ঠানের প্রধানদের সময়মতো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং অধীনস্থ কর্মকর্তা-কর্মচারীদের বিধিমালা সম্পর্কে অবহিত করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে পরিদপ্তর।

এএইচএ
আরও পড়ুন