আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কোনো মামলায় সাজা ঘোষণার পর ৩০ দিনের মধ্যে আপিল না করলে পরবর্তী সময়ে আর সেই সুযোগ থাকে না বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেন, আইন সবার জন্য সমান। পলাতক মাওলানা আবুল কালাম আজাদ হোক কিংবা মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলে আপিলের সুযোগ নেই।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে নিজের কার্যালয়ের সংবাদ সম্মেলনকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মাওলানা আবুল কালাম আজাদের আপিলের সুযোগ নিয়ে প্রশ্ন করা হলে চিফ প্রসিকিউটর বিষয়টি ব্যাখ্যা করেন।
আমিনুল ইসলাম বলেন, মাওলানা আবুল কালাম আজাদকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দিয়েছিল। কিন্তু দীর্ঘদিন দেশের বাইরে থাকায় তিনি নির্ধারিত সময়ের মধ্যে আপিল করেননি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের ২১(৩) ধারায় রায়ের বিরুদ্ধে আপিলের জন্য ৩০ দিনের সময়সীমা নির্ধারিত রয়েছে।
চিফ প্রসিকিউটরের বলেন, রায় ঘোষণার পর ওই নির্ধারিত সময়ের মধ্যে আপিল না করলে পরে তা আর গ্রহণযোগ্য হবে না। এ ক্ষেত্রে আসামি দেশে থাকছেন নাকি পলাতক রয়েছেন, সেটি বিবেচ্য নয়।
তিনি বলেন, একই আইনি বিধান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষেত্রেও প্রযোজ্য। ফলে নির্ধারিত ৩০ দিনের সময়সীমা অতিক্রান্ত হলে শেখ হাসিনারও আপিল করার সুযোগ থাকবে না।