দেশের আট বিভাগে নির্মাণাধীন ক্যানসার হাসপাতালগুলোতে আগামী অর্থবছরের মধ্যেই পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা চালুর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত।
সোমবার (৭ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে ময়মনসিংহ-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমরের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের পক্ষে সংসদে উত্তর দেন প্রতিমন্ত্রী। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
সংসদে প্রতিমন্ত্রী জানান, দেশের আট বিভাগে নির্মাণাধীন ১৫ তলাবিশিষ্ট এসব হাসপাতাল চালু হলে একই স্থানে ক্যানসার, কিডনি ও হৃদরোগের সমন্বিত চিকিৎসাসেবা পাওয়া যাবে।
তিনি বলেন, হাসপাতালগুলোতে এসব রোগের চিকিৎসায় প্রয়োজনীয় পূর্ণাঙ্গ সেবা এক ছাদের নিচে দেওয়ার ব্যবস্থা রাখা হচ্ছে। এর ফলে রাজধানী ও বড় শহরকেন্দ্রিক চিকিৎসার ওপর নির্ভরতা কমবে এবং দেশের প্রান্তিক জনগোষ্ঠীও উন্নত চিকিৎসার সুযোগ পাবে।
সরকারের পরিকল্পনা অনুযায়ী আগামী অর্থবছরের মধ্যেই আট বিভাগের হাসপাতালগুলোতে পূর্ণাঙ্গ সেবা চালুর লক্ষ্য রয়েছে বলে জানান প্রতিমন্ত্রী। এসব হাসপাতাল কার্যক্রমে এলে দেশের ক্যানসারসহ জটিল রোগের চিকিৎসায় নতুন সুযোগ তৈরি হবে বলেও তিনি উল্লেখ করেন।
গুমের নতুন আইনে বিচারিক পরিধি বাড়লো: চিফ প্রসিকিউটর
দেশে চিকিৎসকের ঘাটতি ৫৮ হাজারের বেশি: স্বাস্থ্যমন্ত্রী