কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিল ঠেকাতে ওসিদের কঠোর নির্দেশ

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো মিছিল ঠেকাতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জবাবদিহির আওতায় আনা হবে। দলটির যেকোনো ধরনের কার্যক্রম যে কোনো মূল্যে প্রতিহত করতে থানার ওসিদের কঠোর নির্দেশ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

সোমবার (১৪ সেপ্টেম্বর) ডিএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভায় এই নির্দেশনা দেওয়া হয়। ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদের সভাপতিত্বে সভায় মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ৫০ থানার ওসিরা উপস্থিত ছিলেন।

সভায় রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাম্প্রতিক মিছিলের বিষয়টি গুরুত্ব দিয়ে পর্যালোচনা করা হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মিছিল শুরুর মাত্র আট মিনিট আগে গোয়েন্দা তথ্য পাওয়ায় তাৎক্ষণিকভাবে পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত সময় পাওয়া যায়নি।

তবে ভবিষ্যতে রাজধানীর কোনো এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা যাতে সংগঠিত হয়ে মিছিল বা অন্য কোনো কার্যক্রম পরিচালনা করতে না পারেন, সে বিষয়ে থানার কর্মকর্তাদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

সভায় ছিনতাই ও কিশোর গ্যাং দমনে কার্যকর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি রাজধানীর প্রবেশপথগুলোতে নিরাপত্তা জোরদার করার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে সন্দেহভাজন ব্যক্তিদের গতিবিধির ওপর নজরদারি এবং আবাসিক হোটেলে অবস্থানকারী অতিথিদের তথ্য নিয়মিত সংগ্রহ করতে বলা হয়েছে।

থানায় ওসিদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার বিষয়েও নির্দেশনা দেওয়া হয়। দায়িত্ব পালনে গড়িমসি বা শৃঙ্খলাভঙ্গ না করার জন্য তাঁদের সতর্ক করেন ডিএমপি কমিশনার। জরুরি প্রয়োজনে থানার বাইরে যেতে হলে জিডিতে বিষয়টি উল্লেখ করে একজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে দায়িত্ব দিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

অপরাধ দমনে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি), গোয়েন্দা পুলিশ (ডিবি) ও থানা পুলিশকে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে কাজ করার নির্দেশও দেওয়া হয়।