বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০ এএম

বিদেশে কর্মসংস্থানের জন্য প্রয়োজনীয় বিদেশি ভাষা শেখার খরচ মেটাতে বাংলাদেশি কর্মীদের সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। জাপান, দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন শ্রমবাজারে যাওয়ার আগে কিংবা যাওয়ার পর ভাষা শেখার জন্য এ ঋণ দেবে প্রবাসী কল্যাণ ব্যাংক।

এ জন্য বাংলাদেশ ব্যাংক প্রবাসী কল্যাণ ব্যাংককে ১ হাজার কোটি টাকার তহবিল দিচ্ছে। এ ঋণের সুদের হার নির্ধারণ করা হয়েছে ৯ শতাংশ।

২০২৫-২৬ অর্থবছরে প্রবাসীরা রেকর্ড ৩৫ দশমিক ৫৮ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। তাঁদের বড় একটি অংশ অদক্ষ শ্রমিক। দক্ষতা বাড়ানোর মাধ্যমে নতুন শ্রমবাজারে কর্মীদের প্রবেশের সুযোগ তৈরি করতে ভাষা শিক্ষাকে গুরুত্ব দিচ্ছে সরকার।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন বলেন, এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক ও প্রবাসী কল্যাণ ব্যাংকের মধ্যে চুক্তি হয়েছে। নির্ধারিত তহবিলের অর্থ দিয়ে বিদেশগামী কর্মীদের প্রয়োজনীয় ভাষা শেখানো হবে।

তবে ভাষা শেখার জন্য সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিবাসন খাতের বিশেষজ্ঞরা। সেন্টার ফর এনআরবির চেয়ারম্যান এম এস শেকিল চৌধুরী বলেন, ভাষা শেখার জন্য এত টাকা প্রয়োজন হওয়ার কথা নয়। ঋণের অপব্যবহার ঠেকাতে এর পরিমাণ ও ব্যবস্থাপনা বাস্তবসম্মতভাবে নির্ধারণ করা উচিত।

প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদা বেগম বলেন, ঋণের অর্থ সরাসরি কর্মীর হাতে দেওয়া হবে না। কোনো কর্মী জাপানের কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ভাষা শেখার জন্য ভর্তি হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের টিউশন ফি সরাসরি পরিশোধ করা হবে।

এমইউ
আরও পড়ুন