আসিফের অর্থপাচারের সত্যতা যাচাইয়ে সংশ্লিষ্ট দেশে চিঠি দেবে দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ওঠা অর্থপাচারের অভিযোগের সত্যতা যাচাইয়ে প্রয়োজনে সংশ্লিষ্ট দেশগুলোর কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠাবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান সংস্থাটির সচিব সাইদুর রহমান খান।

তিনি বলেন, এনসিপি নেতার বিরুদ্ধে আনা অভিযোগ কোনোভাবেই মনগড়া নয়। দুদকের কার্যক্রমে মনমতো কাজ করার কোনো সুযোগ নেই। প্রাথমিক অনুসন্ধানে পাওয়া তথ্যের ভিত্তিতেই পরবর্তী ধাপে অগ্রসর হয়েছে কমিশন এবং বর্তমানে অনুসন্ধান অব্যাহত রয়েছে।

দুদক সচিব আরও বলেন, আসিফ মাহমুদের বিরুদ্ধে যেসব দেশে অর্থপাচারের অভিযোগ রয়েছে, তথ্য সংগ্রহের প্রয়োজনে সেসব দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হবে। প্রয়োজন হলে পারস্পরিক আইনি সহায়তার অনুরোধসহ সব ধরনের আইনগত পদক্ষেপ নেওয়া হবে। অনুসন্ধান শেষ হওয়ার পর পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়ার ভিত্তিতেই কমিশন এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।