দুর্নীতি ও অর্থ পাচারের মামলার আসামি বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নানকে কাতারে গ্রেপ্তার করা হয়েছে। গত ১৫ অক্টোবর দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁকে গ্রেপ্তার করে বলে জানিয়েছে ইন্টারপোল।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে ইন্টারপোলের পাঠানো একটি ই-মেইলে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে।
এর আগে জ্ঞাত আয়ের উৎসের বাইরে সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে শেখ আব্দুল হান্নান এবং তাঁর স্ত্রী তাহমিদা বেগমের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করে দুদক।
দুদকের করা প্রথম মামলার অভিযোগে বলা হয়েছে, শেখ আব্দুল হান্নান বৈধ আয়ের বাইরে ৩ কোটি ২৮ লাখ ৫১ হাজার ৫০৬ টাকার সম্পদ অর্জন করেছেন। এ ছাড়া তাঁর নামে থাকা ছয়টি ব্যাংক হিসাবে মোট ২৭ কোটি ৬৩ লাখ ৬৬ হাজার ৭০১ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
এসব অভিযোগে তাঁর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, মানি লন্ডারিং প্রতিরোধ আইন ও দুর্নীতি প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে।
তবে মামলায় আনা অভিযোগ এখনো আদালতে প্রমাণিত হয়নি।
শেখ আব্দুল হান্নানের স্ত্রী তাহমিদা বেগমের বিরুদ্ধেও জ্ঞাত আয়ের উৎসের বাইরে সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুদক।
মামলার অভিযোগ অনুযায়ী, তাহমিদা বেগম ১ কোটি ৯১ লাখ ৯০ হাজার ৩০৪ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। তাঁর নামে থাকা ৩২টি ব্যাংক হিসাবে প্রায় ১ কোটি ১৮ লাখ টাকার লেনদেন সন্দেহজনক হিসেবে চিহ্নিত করা হয়েছে।
এ মামলায় তাহমিদা বেগমকে প্রধান আসামি করা হয়েছে। তাঁর সম্পদ অর্জনে সহায়তার অভিযোগে শেখ আব্দুল হান্নানকেও আসামি করা হয়েছে। এ ঘটনায় দুর্নীতি দমন কমিশন আইন, মানি লন্ডারিং প্রতিরোধ আইন ও দণ্ডবিধির ১০৯ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
কাতারে গ্রেপ্তারের পর শেখ আব্দুল হান্নানকে বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
সৌদি আরবে হুথিদের হামলার লক্ষ্যবস্তু নির্ধারণ করে দিচ্ছে ইরান
ইলন মাস্কের বিজ্ঞাপন নিষিদ্ধ করলো টিকটক
ক্ষেপণাস্ত্রের পাশাপাশি জাতীয় ঐক্যও প্রতিরক্ষার শক্তি: ইরানের প্রেসিডেন্ট