লিবিয়ার বেনগাজির গানফুদা ডিটেনশন সেন্টার থেকে মুক্ত হয়ে দেশে ফিরেছেন ১৬৮ জন অনিয়মিত বাংলাদেশি নাগরিক। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টা ৪ মিনিটে বুরাক এয়ারের (ইউজেড-২২২) একটি বিশেষ ফ্লাইটে তারা ঢাকায় অবতরণ করেন।
অবৈধভাবে সমুদ্রপথে ইউরোপ যাওয়ার আশায় মানব পাচারকারীদের খপ্পরে পড়ে এসব বাংলাদেশি লিবিয়ায় অনুপ্রবেশ করেছিলেন। সেখানে অবস্থানকালে অনেকেই ভয়াবহ অপহরণ, শারীরিক নির্যাতন ও আর্থিক শোষণের শিকার হয়েছেন বলে জানিয়েছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়াস্থ বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং আইওএম-এর যৌথ উদ্যোগে তাদের নিরাপদ প্রত্যাবাসন সম্ভব হয়। বিমানবন্দরে ফিরে আসা নাগরিকদের অভ্যর্থনা জানান সংশ্লিষ্ট কর্মকর্তা ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা।
আইওএম-এর পক্ষ থেকে ফেরত আসা প্রতিটি নাগরিককে প্রাথমিক চিকিৎসা, খাবার, যাতায়াত খরচ ও প্রয়োজনে অস্থায়ী বাসস্থানের সহায়তা দেওয়া হয়েছে।
মানব পাচারের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বাড়াতে নিজেদের তিক্ত অভিজ্ঞতা সবার সাথে ভাগ করে নেওয়ার আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।