এসআরবি নামে কার্যক্রম শুরু র‌্যাবের

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) নামে কাজ শুরু করেছে র‍্যাবের সব ইউনিট। জনবল, ক্ষমতা, সম্পদসহ র‍্যাবের প্রায় সবকিছু নিয়ে বুধবার (১৬ সেপ্টেম্বর) থেকে নতুন পরিচয়ে কার্যক্রম চালাচ্ছে ইউনিটগুলো। লোগোর নকশাও আগেরটাই আছে। তবে ভেতরের লেখা পরিবর্তন করা হয়েছে।

এতোদিন যেসব গ্রুপে র‍্যাবের অভিযান, গ্রেপ্তারসহ বিভিন্ন কার্যক্রমের খবর গণমাধ্যমকর্মীদের পাঠানো হতো, বুধবার সেগুলোর নাম পরিবর্তন করে এসআরবি করা হয়েছে। এসব গ্রুপে নতুন নামেই খবর আসতে শুরু করেছে। আর লোগোতে ইংরেজি ‘আরএবি’ অক্ষরগুলো সরিয়ে বসানো হয়েছে ‘এসআরবি’। র‍্যাবের ফেসবুক পেজগুলোর নাম পরিবর্তন করে এসআরবি লেখা হয়েছে। পেজগুলোর প্রোফাইলে দেওয়া হয়েছে নতুন লোগোর ছবি।

এর আগে মঙ্গলবার ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬’–এর গেজেট প্রকাশ করে সরকার। বিরোধী দলের আপত্তির মুখে ১০ সেপ্টেম্বর বিলটি জাতীয় সংসদে পাস হয়েছিল। নতুন আইনে র‍্যাব বিলুপ্ত করে পুলিশের অধীনে এসআরবি নামে বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রাখা হয়। র‍্যাবও কাগজে-কলমে পুলিশের অধীনেই ছিল।

নতুন আইন অনুযায়ী, জনবল, ক্ষমতা ও সম্পদের পাশাপাশি র‍্যাবের সংশ্লিষ্ট আদেশ, কর্তৃত্ব, বিদ্যমান সুবিধা, তহবিল, নগদ ও ব্যাংকে রাখা অর্থ, দায় এবং চুক্তি এসআরবিতে স্থানান্তরিত হচ্ছে। একই সঙ্গে সব হিসাব বই, রেজিস্টার, রেকর্ডপত্র ও সংশ্লিষ্ট দলিলও নতুন ইউনিটের কাছে ন্যস্ত হচ্ছে। র‍্যাবের সদস্যদের বিরুদ্ধে চলমান বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা বা আদালতের কার্যধারাও বহাল থাকবে।

এসআরবিকে ফৌজদারি অপরাধ তদন্ত, তল্লাশি, গ্রেপ্তার ও জব্দের ক্ষমতা দেওয়া হয়েছে। নিজস্ব হাজতখানা, মালখানা ও জিজ্ঞাসাবাদ কক্ষ রাখার বিধানও রয়েছে। নাগরিকদের অভিযোগ এবং সদস্যদের অভ্যন্তরীণ ক্ষোভ নিষ্পত্তির জন্য অভিযোগ প্রতিকার কমিটি থাকবে। সেই কমিটির সভাপতি হবেন ইউনিটেরই একজন অতিরিক্ত মহাপরিচালক।