অপরাধ থেকে তরুণদের দূরে রাখতে পঞ্চগড়ে পুলিশের কাবাডি

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৬ পিএম

মাদক, কিশোর অপরাধ ও অনলাইন জুয়ার মতো সামাজিক অপরাধ থেকে তরুণদের দূরে রাখতে পঞ্চগড়ে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬’। বুধবার বিকেলে জেলা পুলিশ লাইনস মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করেন পুলিশ সুপার আবু সায়েম।

জেলা পর্যায়ের এই আয়োজনে পঞ্চগড়ের ছয়টি দল অংশ নিয়েছে। নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দল রংপুর বিভাগীয় পর্যায়ে খেলার সুযোগ পাবে। সেখানকার সেরা দল অংশ নেবে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায়।

‘মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ-সবল জীবন গড়ি’ প্রতিপাদ্যে দেশের ৬৪ জেলায় চার ধাপে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ আয়োজন করা হচ্ছে।

আয়োজকেরা জানান, তরুণদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য। খেলাধুলার মাধ্যমে তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি সম্ভাবনাময় খেলোয়াড়দের খুঁজে বের করে সামনে এগিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রতিযোগিতায় অংশ নেওয়া খেলোয়াড় রাজু বলেন, খেলাধুলায় ব্যস্ত থাকলে মাদক, জুয়া ও বিভিন্ন অপরাধ থেকে দূরে থাকা যায়। পুলিশের এই উদ্যোগ তরুণদের খেলাধুলায় আরও উৎসাহিত করবে।

আরেক খেলোয়াড় আরিফ হাসান বলেন, কাবাডি বাংলাদেশের ঐতিহ্যবাহী খেলা। জেলা পর্যায়ে এমন প্রতিযোগিতায় অংশ নিতে পেরে তিনি আনন্দিত।

পুলিশ সুপার আবু সায়েম বলেন, তরুণদের সম্ভাবনা কাজে লাগিয়ে তাদের প্রতিষ্ঠিত করার লক্ষ্যেই এই আয়োজন। প্রথমবারের মতো কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছে। এই প্রতিযোগিতার মাধ্যমে সুপ্ত প্রতিভার অধিকারী খেলোয়াড়দের খুঁজে বের করে জাতীয় পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হবে।

এম.সি.এইচ
আরও পড়ুন