সারাদেশে একযোগে ৯৯ বিচারক বদলি

দেশের অধস্তন আদালতের ৯৯ জন বিচারককে একযোগে নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে। এতে জেলা জজ, অতিরিক্ত জেলা জজ এবং যুগ্ম জেলা জজসহ জুডিশিয়াল সার্ভিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা রয়েছেন। সুপ্রিম কোর্টের সাথে পরামর্শক্রমে এই প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে বদলি সংক্রান্ত পৃথক ৬টি প্রজ্ঞাপন জারি করা হয়। বদলিকৃত বিচারকদের মধ্যে ৪৪ জন জেলা জজ, ২৬ জন অতিরিক্ত জেলা জজ এবং ২৫ জন যুগ্ম জেলা জজ রয়েছেন। এছাড়া তালিকায় ২ জন সিনিয়র সিভিল জজ ও ২ জন সিভিল জজ অন্তর্ভুক্ত আছেন।

আদেশে উল্লেখ করা হয়, আগামী ২২ সেপ্টেম্বরের মধ্যে বিচারকদের বর্তমান দায়িত্বভার বুঝিয়ে দিয়ে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে। তবে যারা বর্তমানে ছুটিতে বা প্রশিক্ষণে রয়েছেন, তারা ছুটি ও প্রশিক্ষণ শেষে নতুন পদে যোগদান করবেন।