নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

তুর্কি এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ২০ মিনিটে (বাংলাদেশ সময় মঙ্গলবার ভোর ৪টা ২০ মিনিট) তিনি জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। আগামী ২৪ সেপ্টেম্বর অধিবেশনে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন তিনি।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে আন্তরিক অভ্যর্থনা জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন জুবাইদা খান এবং যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম। এই সফরে প্রধানমন্ত্রীর সাথে রয়েছেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানসহ একটি প্রতিনিধিদল।

বিমানবন্দর থেকে বিশেষ মোটর শোভাযাত্রা নিয়ে প্রধানমন্ত্রীকে ‘হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউইয়র্ক’ হোটেলে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে স্বাগত জানান জাতিসংঘে বাংলাদেশের উপ-স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত একেএম ওয়াহিদুজ্জামান। 

নিউইয়র্কে সফরকালীন সময়টিতে তিনি এই হোটেলেই অবস্থান করবেন। সব আনুষ্ঠানিকতা শেষে ২৫ সেপ্টেম্বর রাতে দেশে ফেরার উদ্দেশে রওনা হবেন তিনি।