২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলন এবং শেখ হাসিনা সরকারের শেষ সময়ের ঘটনাপ্রবাহ নিয়ে নির্মিত আল-জাজিরা ইংলিশের অনুসন্ধানী প্রামাণ্যচিত্র ‘হাসিনা: ৩৬ ডেইজ ইন জুলাই’ ২০২৬ সালের আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডসে মনোনয়ন পেয়েছে। ‘কারেন্ট অ্যাফেয়ার্স’ বিভাগে মনোনয়ন পাওয়া চারটি কাজের একটি এটি।
আন্তর্জাতিক টেলিভিশন অঙ্গনের অন্যতম মর্যাদাপূর্ণ এই পুরস্কারের বিজয়ীদের নাম আগামী ২৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনে আয়োজিত অনুষ্ঠানে ঘোষণা করা হবে। এবারের প্রতিযোগিতায় ১৬টি বিভাগে ২২টি দেশের ৬৪টি অনুষ্ঠান ও প্রযোজনা মনোনয়ন পেয়েছে।
‘কারেন্ট অ্যাফেয়ার্স’ বিভাগে আল-জাজিরার প্রামাণ্যচিত্রটির সঙ্গে মনোনয়ন পেয়েছে ফ্রান্সের ‘আর্টে রিপোর্টাজ: মাই ফাদার্স হেয়ার’, যুক্তরাজ্যের ‘এক্সপোজার: ব্রেকিং র্যাঙ্কস: ইনসাইড ইসরায়েলস ওয়ার’ এবং ব্রাজিলের ‘প্রফিসাও রিপোর্টার: ফেমিনিসে’। আল-জাজিরা ইংলিশের প্রযোজনায় তৈরি হওয়ায় আন্তর্জাতিক এমির তালিকায় কাজটি কাতারের প্রতিনিধিত্ব করছে।
প্রামাণ্যচিত্রটি ২০২৫ সালের ২৪ জুলাই আল-জাজিরা ইংলিশে প্রকাশিত হয়। আল-জাজিরার ইনভেস্টিগেটিভ ইউনিটের নির্মিত এই অনুসন্ধানে গোপনে ধারণ করা ফোনালাপ, নথিপত্র এবং প্রত্যক্ষদর্শীদের বক্তব্যের ভিত্তিতে ২০২৪ সালের আন্দোলনের সময়কার বিভিন্ন ঘটনা ও শেখ হাসিনা সরকারের শেষ সময়ের পরিস্থিতি তুলে ধরা হয়েছে।
প্রামাণ্যচিত্রটির অন্যতম আলোচিত বিষয় ছিল কিছু গোপন ফোনালাপ। আল-জাজিরা দাবি করেছে, এসব রেকর্ডে আন্দোলনকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেওয়ার বিষয় উঠে এসেছে। তবে আওয়ামী লীগের পক্ষ থেকে ওই দাবির বিরোধিতা করা হয়েছে। দলটির এক মুখপাত্র আল-জাজিরাকে দেওয়া বক্তব্যে শেখ হাসিনা প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের কোনো নির্দিষ্ট অনুমোদন বা নির্দেশ দেননি বলে দাবি করেন এবং সংশ্লিষ্ট অডিওর সত্যতা নিয়েও প্রশ্ন তোলেন।
প্রতিবেদনটিতে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের মৃত্যুর ঘটনাসহ আন্দোলন ঘিরে বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে। পাশাপাশি ইন্টারনেট বন্ধ এবং সরকারের অভ্যন্তরীণ কর্মকাণ্ড নিয়েও অনুসন্ধানী তথ্য উপস্থাপন করেছে আল-জাজিরা।
২০২৬ সালের এপ্রিলে প্রামাণ্যচিত্রটি আন্তর্জাতিক সাংবাদিকতার জন্য ওভারসিজ প্রেস ক্লাব অব আমেরিকার পিটার জেনিংস অ্যাওয়ার্ডও পেয়েছে। পুরস্কারটি ২০ মিনিটের বেশি দৈর্ঘ্যের আন্তর্জাতিক বিষয়ভিত্তিক টেলিভিশন, ভিডিও বা প্রামাণ্যচিত্রের জন্য দেওয়া হয়।
আন্তর্জাতিক এমিতে মনোনয়ন পাওয়ার খবরটি বাংলাদেশি সাংবাদিক জুলকারনাইন সায়েরও তার ভেরিফায়েড ফেসবুক পেজে জানিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।