দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে: পেট্রোবাংলা

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৪ পিএম

কক্সবাজারের মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনালে কার্গো থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) স্থানান্তর ফের শুরু হয়েছে। এর ফলে দেশে গ্যাস সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পেট্রোবাংলা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মহেশখালীর ভাসমান টার্মিনালে কার্গো থেকে এলএনজি স্থানান্তর কার্যক্রম শুরু হওয়ায় গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি হচ্ছে।

এর আগে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মহেশখালী এলাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আমদানিকৃত এলএনজি কার্গো থেকে ভাসমান টার্মিনালে গ্যাস স্থানান্তর কার্যক্রম ব্যাহত হওয়ার কথা জানিয়েছিল পেট্রোবাংলা। এতে স্বাভাবিক সময়ের তুলনায় দেশে গ্যাস সরবরাহ কিছুটা কমে যায়।

তখন পেট্রোবাংলা জানিয়েছিল, বঙ্গোপসাগর ও মহেশখালী এলাকার আবহাওয়ার পরিস্থিতির উন্নতি হলে এলএনজি স্থানান্তর কার্যক্রম দ্রুত স্বাভাবিক হবে এবং এর মাধ্যমে গ্যাস সরবরাহ পরিস্থিতিও স্বাভাবিক হয়ে আসবে।

এমসিএইচ
আরও পড়ুন