কারা অধিদপ্তরের নতুন মহাপরিদর্শক আনোয়ারুল কবীর

কারা অধিদপ্তরের কারা মহাপরিদর্শক হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল মো. আনোয়ারুল কবীরকে নিয়োগ দিয়েছে সরকার। এ দায়িত্ব দিয়ে রোববার (৪ অক্টোবর) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন নিজ বাহিনীতে ফিরে যাওয়ার প্রায় এক মাস পর কারা অধিদপ্তরে নতুন মহাপরিদর্শক নিয়োগ দেওয়া হলো।

মোতাহের হোসেনের চলে যাওয়ার পর কারা মহাপরিদর্শকের অতিরিক্ত দায়িত্ব পালন করে আসা কর্নেল মোহাম্মদ মোস্তফা কামালকেও নিজ বাহিনীতে ফেরত পাঠানোর আদেশ দেওয়া হয়েছে একই প্রজ্ঞাপনে।

এদিকে কর্নেল মোস্তফা কামালের স্থলাভিষিক্ত হচ্ছেন কর্নেল সাইদুল ইসলাম। প্রজ্ঞাপনে তাকে ওই দায়িত্বে নিয়োগের কথা উল্লেখ করা হয়েছে।

এর আগে গত আগস্টের প্রথম দিকে কারা মহাপরিদর্শকের পদ থেকে ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেনকে সরিয়ে নেওয়া হয়।