আজ বিশ্ব শিক্ষক দিবস: সম্মাননা পাবেন ১০১ গুণী শিক্ষক

আপডেট : ০৫ অক্টোবর ২০২৬, ০৭:১৭ এএম

আজ ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস। জাতি গঠনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের বিভিন্ন স্তরের ১০১ জন গুণী শিক্ষককে আজ বিশেষ সম্মাননা জানাচ্ছে সরকার।

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে দুপুর ২টায় এই সম্মাননা প্রদান অনুষ্ঠান শুরু হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।

শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। অনুষ্ঠানে বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও অতিথিরা উপস্থিত থাকবেন।

নির্বাচিত প্রতিটি শিক্ষককে সম্মাননা হিসেবে দেওয়া হবে নগদ ২ লাখ টাকা, একটি ক্রেস্ট এবং সম্মাননাপত্র। শিক্ষকদের মেধা ও কাজের মূল্যায়নেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রাথমিক থেকে শুরু করে উচ্চশিক্ষা, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরিতে এই শিক্ষকদের বাছাই করা হয়েছে। বিশেষ সার্চ কমিটির মাধ্যমে যাচাই-বাছাই করে এই তালিকা চূড়ান্ত করা হয়।

ইউনেসকোর ঘোষণা অনুযায়ী প্রতিবছর ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত হয়। এবারের দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে শিক্ষকদের পেশাগত সুরক্ষা ও মর্যাদার ওপর।

এইচএন
আরও পড়ুন