ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ‘গণবোমা’ হামলার হুমকি

বেসরকারি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে অজ্ঞাত একটি ইমেইল বার্তায় ‘গণবোমা’ হামালার হুমকি দেওয়া হয়েছে। রোববার (৪ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে ‘টপিকেল চাইনিজ ম্যান’ নামের আইডি থেকে এক ইমেইল বার্তায় এই হুমকি দেওয়া হয়। ইমেইলে বলা হয়, মঙ্গলবার বেলা ১১টায় একাধিক বোমা হামলা হবে।

ব্র্যাক বিশ্বিদ্যালয়ের সবাইকে উদ্দেশ্য করে ইমেইল বার্তায় বলা হয়, ‘আমি বাংলাদেশের ঢাকা ১২১২, প্রগতি সরণি, খা ২২৪-এ অবস্থিত ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে একটি গণবোমা হামলা চালাবো। তাই যদি আমার মুখ দেখতে পাও, তবে জেনে রেখ যা ঘটতে চলেছে তা তোমাদের কেউই থামাতে পারবে না। আগামী ৬ অক্টোবর বেলা ১১টার দিকে এই হামলা করা হবে।’

পুলিশ সূত্রে জানা গেছে, ইমেইলে হুমকি পাওয়ার পরই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সতর্কতামূলক বার্তা পাঠিয়ে সবার সহযোগিতা কামনা করে মেইলটি ফরোয়ার্ড করেছে ব্র্যাক কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট সূত্র জানায়, বোমা হামলায় হুমকির ঘটনায় একাধিক গোয়েন্দা সংস্থা কাজ করছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ রুহুল কবির খান বলেন, ‘এতে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এটা পোটেনশিয়াল কোনো হুমকি না। এ ঘটনায় বাড্ডা থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। বিষয়টি তদন্ত করছে ডিবির সাইবার টিম।’