ভারতীয় ভিসা আবেদন নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন নির্দেশনা

বাংলাদেশি ভিসা আবেদনকারীদের জন্য অ্যাপয়েন্টমেন্ট বুকিংয়ের সময়সূচি ও নিয়মে নতুন নির্দেশনা দিয়েছে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক)। মঙ্গলবার (৬ অক্টোবর) এ নির্দেশনা দেওয়া হয়। নতুন নিয়ম অনুযায়ী, পরবর্তী দুই সপ্তাহের জন্য নতুন অ্যাপয়েন্টমেন্ট স্লট সাধারণত প্রতি বৃহস্পতিবার অথবা সপ্তাহের শেষ কার্যদিবসে খোলা হবে। তবে সংশ্লিষ্ট মিশন ও ভিসা বিভাগের স্লট প্রাপ্যতার ওপর এটি নির্ভর করবে।

স্লট থাকা সাপেক্ষে রোববার থেকে বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বিকেল ৫টা এবং শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট বুকিং করা যাবে। তবে একই দিনের জন্য কোনো অ্যাপয়েন্টমেন্ট বুক করা যাবে না। অফিস খোলার দিন বিবেচনায় আবেদনকারীরা কেবল পরবর্তী দুই সপ্তাহের মধ্যে থাকা তারিখগুলোর জন্য বুকিং করতে পারবেন। ভিসা প্রক্রিয়া সহজ করতে আবেদনকারীদের নির্ধারিত নিয়ম মেনে সময়মতো অ্যাপয়েন্টমেন্ট বুকিং সম্পন্ন করার অনুরোধ জানিয়েছে আইভ্যাক।

এদিকে অ্যাপয়েন্টমেন্টের নামে প্রতারণা থেকে সতর্ক থাকতে আবেদনকারীদের আগেই সতর্ক করেছে ভারতীয় ভিসা কর্তৃপক্ষ। তারা জানিয়েছে, কিছু অসাধু দালাল ও এজেন্ট নিজেদের ভারতীয় হাইকমিশনের কর্মকর্তা বা প্রতিনিধি পরিচয় দিয়ে আবেদনকারীদের কাছ থেকে অর্থ আদায় করছে এবং নিশ্চিত অ্যাপয়েন্টমেন্ট স্লট দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে।

ভারতীয় হাইকমিশন বলছে, ঢাকার ভারতীয় হাইকমিশন কিংবা চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও সিলেটের সহকারী হাইকমিশনের কেউ ব্যক্তিগত ফোন কল, সামাজিক যোগাযোগমাধ্যম বা তৃতীয় পক্ষের মাধ্যমে আবেদনকারীদের সঙ্গে যোগাযোগ করে অ্যাপয়েন্টমেন্টের বিনিময়ে অর্থ দাবি করে না। বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে ভারতীয় ভিসার জন্য হাইকমিশন বা সহকারী হাইকমিশনগুলো কোনো ফি গ্রহণ করে না।

আইভ্যাক নির্ধারিত ভিসা প্রসেসিং ফি ১ হাজার ৫০০ টাকা ছাড়া অ্যাপয়েন্টমেন্ট স্লট পাওয়া বা দ্রুত স্লটের জন্য অতিরিক্ত অর্থ দেওয়ার প্রয়োজন নেই। অ্যাপয়েন্টমেন্ট বা দ্রুত ভিসা দেওয়ার নামে অতিরিক্ত অর্থ দাবি করা প্রতারণামূলক বলেও সতর্ক করেছে কর্তৃপক্ষ। আবেদনকারীদের এমন কোনো দালাল বা মধ্যস্থতাকারীর সঙ্গে যোগাযোগ না করার পরামর্শ দেওয়া হয়েছে, যারা ‘সরাসরি অ্যাক্সেস’ থাকার দাবি করে। এ ধরনের সন্দেহজনক যোগাযোগের বিষয়ে ০১৩২৫০৮৯৯৭৫ নম্বরে দ্রুত জানাতে বলা হয়েছে।