সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব শারদীয় দুর্গাপূজা নিরাপদ ও উৎসবমুখর করতে দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজিবি সদর দপ্তরের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
পরিকল্পনা অনুযায়ী, আগামী ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত সারা দেশে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা টহলে থাকবেন। পূজা মণ্ডপগুলোতে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
বিজিবি জানিয়েছে, নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো এবং স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। বিশেষ করে গুজব প্রতিরোধ ও সাম্প্রদায়িক উসকানি বন্ধে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
সীমান্তের ৮ কিলোমিটারের মধ্যে এবং ব্যাটালিয়ন সদরের আশপাশের ২ হাজার ৭২৭টি পূজামণ্ডপে বিজিবি প্রত্যক্ষ নিরাপত্তা দেবে। দূরবর্তী মণ্ডপগুলোর সুরক্ষায় প্রয়োজনীয় অস্থায়ী ক্যাম্পও স্থাপন করা হয়েছে।
রাজধানী ঢাকায় বিজিবির মোতায়েন পরিস্থিতি সরকারের নির্দেশনা ও স্থানীয় কর্তৃপক্ষের চাহিদার ওপর ভিত্তি করে পরিচালিত হবে। যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সঙ্গে সমন্বয় করবে বিজিবি।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, দুর্গাপূজা দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য প্রতীক। সনাতন ধর্মাবলম্বীরা যেন নির্ভয়ে ও আনন্দের সঙ্গে পূজা উদযাপন করতে পারেন, তা নিশ্চিত করতে তারা প্রস্তুত।