রাজধানীর পুরান ঢাকার চকবাজার এলাকায় অবস্থিত মুনসুর খান প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট প্রায় সাড়ে পাঁচ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টা ২ মিনিটে প্রথম আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। এরপরই উদ্ধার কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে রাত সাড়ে ১০টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন।
এলাকাটি অত্যন্ত ঘনবসতিপূর্ণ এবং রাস্তা সরু হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ি প্রবেশের ক্ষেত্রে ব্যাপক বেগ পেতে হয়। পাশাপাশি ভবনের পাশের আঁকাবাঁকা বিদ্যুতের খুঁটি ও তারের জটের কারণে পানির পাইপ পৌঁছাতে মারাত্মক প্রতিবন্ধকতা তৈরি হয়।
আগুন লাগার পরপরই নিরাপত্তার স্বার্থে আশেপাশের সব বিপণিবিতান বন্ধ করে দেওয়া হয়। অগ্নিকাণ্ডের সময় ভবনটিতে থাকা কয়েকজন কর্মী পার্শ্ববর্তী ভবনের ছাদে আশ্রয় নিলে ফায়ার সার্ভিস তাদের নিরাপদে উদ্ধার করে।
স্থানীদের ধারণা, ভবনের একটি চায়ের দোকান—যেখানে ধূপমপান ও আড্ডা চলত—সেখান থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। তবে ফায়ার সার্ভিস জানিয়েছে, তদন্ত ছাড়া আগুন লাগার মূল কারণ এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
উদ্ধার কাজে নিয়োজিত ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানান, ভবনের ভেতরে শিখার চেয়ে ধোঁয়ার তীব্রতা বেশি ছিল। তবে স্বস্তির বিষয় হলো, এখন পর্যন্ত এই দুর্ঘটনায় কেউ ভেতরে আটকে পড়ার বা হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
দুর্গাপূজায় সারাদেশে প্রায় ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন