এলপিজি সিলিন্ডার সংকট নিরসনে সরকারের সঙ্গে অপারেটরদের বৈঠক আজ 

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডার সংকট নিরসনে অপারেটরদের সঙ্গে বৈঠকে বসছে সরকার। বুধবার (১৪ অক্টোবর) সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, বৈঠকে বিদ্যুৎ ও জ্বালানি খাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেবেন।

সাত দফা দাবিতে বৃহস্পতিবার ও শুক্রবার সারা দেশে এলপিজি বিক্রি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি। এ ঘোষণাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে সিলিন্ডার কেনার চাপ বেড়েছে। এর প্রভাব পড়েছে বাজারদামেও।

রাজধানীর কয়েকটি এলাকায় ১২ কেজি ওজনের এলপিজি সিলিন্ডার সরকার নির্ধারিত ১ হাজার ৮৩৭ টাকার চেয়ে ৩৫০ থেকে ৪০০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।