ডেঙ্গুর বিস্তার রোধে বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কারে নাগরিকদের সপ্তাহে অন্তত দুই দিন সময় দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, প্রত্যেক ব্যক্তি ও পরিবার সপ্তাহে দুই দিন আধা ঘণ্টা থেকে এক ঘণ্টা করে সময় দিলে ডেঙ্গুর বাহক এডিস মশার বংশবিস্তার রোধে কার্যকর ভূমিকা রাখা সম্ভব।
বুধবার (১৪ অক্টোবর) জাতির উদ্দেশে দেওয়া এক ভিডিওবার্তায় এ আহ্বান জানান প্রধানমন্ত্রী।
ভিডিওবার্তায় তিনি বলেন, ‘আসসালামু আলাইকুম দেশবাসী। আশা করি আপনারা ভালো আছেন। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আপনাদের সামনে একটু আলাপ করতে চাই। একই সঙ্গে এই সমস্যাটির কিছুটা হলেও সমাধান করার জন্য আপনাদের সহযোগিতা দরকার।’
প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালে সবাই একসঙ্গে দেশ স্বাধীন করেছেন। ১৯৯০ সালে স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানও সব স্তরের মানুষের সম্মিলিত অংশগ্রহণে সফল হয়েছে। বড় বড় এসব কাজে সবাই একসঙ্গে ভূমিকা রাখতে পারলে দেশের অন্যান্য সমস্যার সমাধানেও সম্মিলিতভাবে এগিয়ে আসা সম্ভব।
তিনি বলেন, ডেঙ্গু এখন উদ্বেগের একটি বিষয়। সংবাদমাধ্যমে প্রায়ই বিভিন্ন বয়সী মানুষের ডেঙ্গুতে আক্রান্ত হওয়া ও মৃত্যুর খবর পাওয়া যায়। স্বজন হারানোর কষ্ট কেবল সেই পরিবারই বুঝতে পারে। তবে সবাই মিলে চেষ্টা করলে অনেক মানুষকে প্রিয়জন হারানোর বেদনা থেকে রক্ষা করা সম্ভব।
প্রধানমন্ত্রী জানান, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন পর্যায়ে দেশে শিক্ষার্থীর সংখ্যা প্রায় আড়াই কোটি। এর বাইরে বিএনসিসি, স্কাউটস, গার্ল গাইড ও রেড ক্রিসেন্টের সদস্যসহ বিভিন্ন সংগঠনের সদস্যসংখ্যা প্রায় ৪০ লাখ। শিক্ষার্থী ও এসব সংগঠনের সদস্যরা প্রায় এক মাস ধরে প্রতি শনিবার দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় যতটা সম্ভব ময়লা-আবর্জনা পরিষ্কারের চেষ্টা করছেন।
ডেঙ্গু প্রতিরোধে জমে থাকা পানি পরিষ্কারের গুরুত্ব তুলে ধরে তারেক রহমান বলেন, এডিস মশার উৎপত্তিস্থল হলো জমে থাকা পানি। ঘরের আনাচকানাচে, রাস্তাঘাটের বিভিন্ন জায়গায় কিংবা ময়লা-আবর্জনার মধ্যে জমে থাকা পানি থেকে এই মশার জন্ম হয়।
তিনি আরও বলেন, ডেঙ্গুর টিকা আবিষ্কৃত হলেও বিভিন্ন পরীক্ষায় দেখা গেছে, সেটি খুব বেশি কার্যকর নয়। ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার পর রোগ নিরাময়েও টিকাটি তেমন কার্যকর ভূমিকা রাখে না। তাই মশার প্রজননস্থল ধ্বংস করাই ডেঙ্গু প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়।
প্রধানমন্ত্রী বলেন, ‘আপনাদের কাছে আজকে আমার আহ্বান আসুন, আমরা প্রতিটি মানুষ, প্রতিটি পরিবার সপ্তাহে অন্তত দুই দিন করে যদি আধা ঘণ্টা থেকে এক ঘণ্টা সময় দিই, আমাদের ঘর ও ঘরের আশপাশে এবং আমাদের চলার পথে যেখানে যেখানে ডেঙ্গু মশা জন্ম নিতে পারে, বংশবিস্তার করতে পারে এই জায়গাগুলো আমরা পরিষ্কার করে ফেলি। যাতে করে ডেঙ্গু মশা বংশবিস্তার করতে না পারে।’
ভিডিওবার্তার শেষদিকে তারেক রহমান বলেন, একটি সরকার তখনই সফল হয়, যখন সবাইকে সঙ্গে নিয়ে দেশের জন্য কাজ করে। তাঁর সরকার দেশের সব মানুষকে সঙ্গে নিয়ে বিভিন্ন সমস্যার সমাধান করতে চায়। কারণ, দেশের সমস্যার সমাধান মানে সবার সমস্যার সমাধান।
তিনি সবাইকে সম্মিলিতভাবে ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, সবাই মিলে চেষ্টা করলে আগামী দিনে ডেঙ্গুর কারণে বহু মানুষের প্রাণহানি ঠেকানো সম্ভব হবে।