ভারতের দিল্লিতে বিক্ষোভের স্থান যন্তর মন্তরে নিষেধাজ্ঞা এবং দুই বিক্ষোভকারীকে গ্রেপ্তারের ঘটনায় বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেছেন অভিনেতা প্রকাশ রাজ। বিক্ষোভের স্থান পরিবর্তন করে মানুষের কণ্ঠরোধ করা যাবে না বলে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, ‘আপনারা বিক্ষোভের স্থান পরিবর্তন করতে পারেন, বিক্ষোভ থামাতে পারেন, কিন্তু এই দেশের মানুষের কণ্ঠস্বর থামাতে পারবেন না। পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে।’
বুধবার (১৪ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে এসব কথা বলেন প্রকাশ রাজ।
গত ১০ অক্টোবর ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের আয়োজন করা হয়। দেশজুড়ে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়ায় ভোটারদের অধিকার খর্ব করার অভিযোগ এবং এ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে এই কর্মসূচি পালন করা হয়।
যন্তর মন্তরে প্রবেশের চেষ্টা করায় নাগরিক অধিকারভিত্তিক সংগঠন ক্রোকোডাইল জনতা পার্টির (সিজেপি) সদস্য সৌরভ দাস ও আশুতোষ রানকার গ্রেপ্তার নিয়েও প্রশ্ন তোলেন প্রকাশ রাজ। মঙ্গলবার (১৩ অক্টোবর) জাতীয় পতাকা নিয়ে একটি বন্ধ ফটক টপকে যন্তর মন্তরে প্রবেশ করেন সংগঠনটির কয়েকজন সদস্য। পরে তাঁদের আটক করা হয়। বুধবার আদালত সৌরভ দাস ও আশুতোষ রানকাকে পাঁচ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।
বিক্ষোভকারীদের পাশাপাশি নারী বিক্ষোভকারীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগও তোলেন প্রকাশ রাজ। বিক্ষোভকারীদের ওপর হামলা ও হয়রানির অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না, সেই প্রশ্নও রাখেন তিনি।
গত ১২ অক্টোবর দিল্লি পুলিশ যন্তর মন্তরকে বিক্ষোভের নির্ধারিত স্থান হিসেবে বাতিল করে। বিকল্প স্থান হিসেবে রামলীলা ময়দান, বুরারি গ্রাউন্ড ও সিবিডি গ্রাউন্ডের নাম ঘোষণা করা হয়।
প্রকাশ রাজের দাবি, রামলীলা ময়দানে বিক্ষোভের আয়োজন করতে ৫০ হাজার রুপি ফি দিতে হয়। এর পাশাপাশি সমপরিমাণ অর্থ ফেরতযোগ্য জামানত হিসেবেও জমা রাখতে হয়। এ প্রসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, ‘এই দেশে প্রশ্ন করার জন্যও কি টাকা দিতে হবে?’
প্রকাশ রাজের বক্তব্য, বিক্ষোভের স্থান পরিবর্তন করে মানুষের প্রতিবাদ জানানোর অধিকার কেড়ে নেওয়া যাবে না। সরকারের কাছে জবাব চাওয়ার অধিকারও বন্ধ করা সম্ভব নয়।
সূত্র: ইন্ডিয়া টুডে
বাংলাদেশের আল-আমিনের পর এক ওভারে ৫ উইকেট নিলেন লিকক
বরিশালে মিছিলের প্রস্তুতিকালে জাতীয় পার্টির নেতা আটক