গাজীপুরের শ্রীপুরে সেপ্টেম্বর মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সি স্টেজ বিডি লিমিটেডের পোশাকশ্রমিকরা। প্রায় এক ঘণ্টা অবরোধের পর পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। এতে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে শ্রীপুরের মুলাইদ গ্রামের এমসি বাজার এলাকায় মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা।
আন্দোলনরত কয়েকজন শ্রমিক জানান, গত শনিবার (১০ অক্টোবর) বকেয়া বেতনের দাবিতে আন্দোলনের পর কারখানা কর্তৃপক্ষ ১৩ অক্টোবর সেপ্টেম্বর মাসের বেতন পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছিল। তবে নির্ধারিত দিনে বেতন না পেয়ে তাঁরা আবারও আন্দোলনে নামেন। তাঁদের অভিযোগ, বুধবার (১৪ অক্টোবর) বেতন দেওয়ার কথা থাকলেও কর্তৃপক্ষ তা পরিশোধ না করে টালবাহানা করতে থাকে। এর মধ্যে বৃহস্পতিবার সাধারণ ছুটি ঘোষণা করে কারখানা কর্তৃপক্ষ।
শ্রমিকদের ভাষ্য, বেতন না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে সকাল সাড়ে ৮টা থেকে তাঁরা মহাসড়কে অবস্থান নেন। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ যান চলাচল স্বাভাবিক করতে এবং বেতন পরিশোধের বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়ে শ্রমিকদের মহাসড়ক ছেড়ে যাওয়ার অনুরোধ করে। তবে শ্রমিকরা সেই প্রস্তাবে সাড়া না দিয়ে অবরোধ চালিয়ে যান। পরে পুলিশ কয়েকটি সাউন্ড গ্রেনেড ছুড়ে তাঁদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়।
গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন পিপিএম জানান, সি স্টেজ বিডি লিমিটেডের শ্রমিকরা সেপ্টেম্বর মাসের বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করেছিলেন। তাঁদের মালিকপক্ষের সঙ্গে আলোচনার আশ্বাস দিয়ে সড়ক থেকে সরে যাওয়ার অনুরোধ করা হয়। কিন্তু তাঁরা অবরোধ অব্যাহত রাখেন। পরে কয়েকটি সাউন্ড গ্রেনেড ছুড়ে তাঁদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়।
পুলিশ সুপার আরও জানান, বকেয়া বেতন পরিশোধের বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে কারখানা থেকে মেশিনপত্র সরিয়ে নেওয়ার বিষয়ে শ্রমিকদের অভিযোগ সঠিক নয় বলে দাবি করেন তিনি।