শিক্ষকদের একটি অংশ দুর্নীতিতে জড়িয়ে যাচ্ছে: ডেপুটি স্পিকার

দেশের শিক্ষকদের একটি অংশ দুর্নীতিতে জড়িয়ে যাচ্ছে, যা উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল। তাঁর মতে, এ ধরনের কর্মকাণ্ডে শিক্ষকদের মর্যাদাহানির পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষাব্যবস্থা।

শুক্রবার (১৬ অক্টোবর) রাজধানীর জাতীয় সংসদের এলডি হলে বাংলাদেশ ইয়ুথ মডেল ইউনাইটেড নেশনস-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

শিক্ষাব্যবস্থায় দুর্নীতি ও অনিয়মের সমালোচনা করে কায়সার কামাল এসবের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, দুর্নীতি দূর করা না গেলে কাঙ্ক্ষিত সমাজ ও রাষ্ট্র গঠন সম্ভব নয়।

ডেপুটি স্পিকার বলেন, বর্তমান সরকার এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চায়, যেখানে মানবাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠিত থাকবে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিন বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বাংলাদেশকে বারবার ত্যাগ স্বীকার করতে হয়েছে। দীর্ঘ সংগ্রামের পর দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে, যার মূল লক্ষ্য তরুণদের সঙ্গে নিয়ে দেশকে এগিয়ে নেওয়া।

তিনি আরও বলেন, বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে হলে তরুণদের দৃষ্টিভঙ্গি, মূল্যবোধ ও প্রত্যাশাকে নীতিনির্ধারণে গুরুত্ব দিতে হবে। কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি তরুণদের দক্ষতা ও সক্ষমতা বাড়ানোর বিষয়টিও নীতিনির্ধারণের অংশ হওয়া প্রয়োজন।