হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, নতুন রোগী ১ হাজার ২৫৯

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ২১৭ শিশুর মধ্যে। এ ছাড়া ৪২ শিশুর শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন রোগী পাওয়া গেছে ১ হাজার ২৫৯ জন।

মঙ্গলবার (২০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২০ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ২০৪ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ১০৪ শিশু। বাকি ১ হাজার ১০০ শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।

একই সময়ে দেশে সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে রোগী পাওয়া গেছে ২ লাখ ১৫ হাজার ৭৬৮ জন। এ ছাড়া নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২৩ হাজার ১৯৯ শিশুর শরীরে। উপসর্গযুক্ত ও নিশ্চিত হাম শনাক্ত হওয়া রোগী মিলিয়ে মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩৮ হাজার ৯৬৭।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, এ সময়ে হামের উপসর্গ নিয়ে ১ লাখ ৯১ হাজার ৭৬১ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ৮৪ হাজার ১৬৮ শিশু।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া তিন শিশুর মধ্যে ঢাকা, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগের একজন করে রয়েছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গের নতুন রোগী শনাক্তের দিক থেকে শীর্ষে রয়েছে ঢাকা বিভাগ। এ বিভাগে নতুন করে ৪৯৯ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। পাশাপাশি ৩৪ শিশুর শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।