সৌদি আরবে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ঘটনায় বিস্তারিত তথ্য চেয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। একইসঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে গৃহীত পদক্ষেপ এবং সংশ্লিষ্ট কনস্যুলার কর্মকর্তাদের কোনও গাফিলতি পাওয়া গেলে তাদের বিরুদ্ধে নেওয়া ব্যবস্থা সম্পর্কে কমিটিকে অবহিত করার সুপারিশ করা হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠকে এসব সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি জহরত আদিব চৌধুরী। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বিশেষ আমন্ত্রণে বৈঠকে অংশ নেন।
বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয় কমিটিকে মন্ত্রণালয় থেকে জানানো হয়, দুই বাংলাদেশির শিরশ্ছেদের বিষয়ে সৌদি কর্তৃপক্ষের কাছে বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনার পূর্ণ বিবরণ কমিটিকে জানাতে মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়। এছাড়া সৌদি আরবে বাংলাদেশ মিশনগুলোর সেবার মানোন্নয়নে মন্ত্রণালয়ের বিস্তারিত আধুনিকায়ন পরিকল্পনা কমিটির কাছে উপস্থাপনের সুপারিশ করা হয়।
বৈঠকে সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোর কার্যক্রম ও জনবল নিয়েও আলোচনা হয়। এ সময় বাংলাদেশ-সৌদি আরব সম্পর্কের বর্তমান অবস্থা, দ্বিপক্ষীয় বাণিজ্য, কর্মসংস্থান, রেমিট্যান্স, শ্রমবাজারের চ্যালেঞ্জ ও সম্ভাবনা, শ্রমকল্যাণ সেবা এবং হজ কার্যক্রম নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় একটি উপস্থাপনা দেয়। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কর্মরত নারী শ্রমিকদের সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও সুপারিশ করে কমিটি।
বৈঠকে কমিটির সদস্য এ বি এম মোশাররফ হোসেন, এস কে আজিজুল বারী, সাঈদ আল নোমান, হুমাম কাদের চৌধুরী ও সানজিদা ইসলাম অংশ নেন। এ সময় পররাষ্ট্র সচিবসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।