বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে কারিগরি ত্রুটির কারণে নির্ধারিত সময়ের চেয়ে প্রায় পাঁচ ঘণ্টা দেরিতে টোকিও ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এর মাধ্যমে জাপানে তার সফল চার দিনের সরকারি সফর আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হলো।
স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ১০টা ৪৪ মিনিটে নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয় ভিভিআইপি ফ্লাইটটি।
এর আগে সন্ধ্যা ছয়টায় বিমানটির টোকিও ত্যাগ করার কথা থাকলেও রানওয়েতে যাওয়ার পর যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে।
ফ্লাইটের ক্যাপ্টেন মো. ইমামুল ইসলাম যাত্রীদের বিষয়টি জানিয়ে বিমানটি টারমাকে ফিরিয়ে আনেন।
এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান, তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানসহ সকল সফরসঙ্গী বিমান থেকেই নেমে আসেন।
ত্রুটি সারানোর কাজের পর স্থানীয় সময় রাত ১০টা ১৫ মিনিটে বিমানবন্দরে এক ব্রিফিংয়ে যাত্রীদের সাময়িক ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
তিনি নিশ্চিত করেন যে, যান্ত্রিক ত্রুটি পুরোপুরি দূর করা হয়েছে এবং বিমানটি এখন সম্পূর্ণ নিরাপদ।
উল্লেখ্য, জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে গত ২৬ অক্টোবর টোকিও পৌঁছেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।