তাইওয়ানের বিমানের জন্য পাকিস্তানের আকাশসীমা উন্মুক্ত

আপডেট : ৩০ অক্টোবর ২০২৬, ০২:৩৬ এএম

চীনের ‘এক-চীন’ নীতির সমর্থনে তাইওয়ানের বিমান সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপের পর দ্রুত অবস্থান পরিবর্তন করেছে পাকিস্তান। পাকিস্তান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সম্প্রতি তাইওয়ানের প্রধান দুটি এয়ারলাইনসকে আবারও তাদের আকাশসীমা ব্যবহারের অনুমতি প্রদান করেছে।

সরকারি নথিপত্র অনুযায়ী, চায়না এয়ারলাইনস এবং ইভা এয়ারের যাত্রী ও পণ্যবাহী ফ্লাইটগুলো পুনরায় পাকিস্তানের আকাশসীমা অতিক্রম করতে পারবে। নতুন এই সিদ্ধান্তটি আগামী ২০২৭ সালের ২৭ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে বলে জানানো হয়েছে।

এর আগে আন্তর্জাতিক মাধ্যমে প্রচারিত হয়েছিল যে, বেইজিংয়ের সাথে কূটনৈতিক সংহতি প্রকাশে পাকিস্তান তাইওয়ানের বিমানে নিষেধাজ্ঞা দিয়েছে। তবে ডন-এর প্রতিবেদন অনুসারে, পাকিস্তানি কর্মকর্তারা কোনো আনুষ্ঠানিক নোটিশ জারির বিষয়টি অস্বীকার করেছেন।

আকাশসীমা বন্ধ থাকায় গত ২৫ অক্টোবর থেকে তাইওয়ানের ফ্লাইটগুলোকে অতিরিক্ত দূরত্বের বিকল্প রুট ব্যবহার করতে হচ্ছিল। বিশেষ করে রাশিয়া হয়ে ইউরোপগামী ফ্লাইট চালনায় এয়ারলাইনসগুলোর জ্বালানি খরচ ও যাত্রার সময় অনেক বৃদ্ধি পায়।

পাকিস্তান আবার তাদের আকাশসীমা উন্মুক্ত করায় এয়ারলাইনসগুলোর আন্তর্জাতিক রুট পরিচালনায় বড় ধরনের স্বস্তি ফিরে এসেছে। চীনের সাথে পাকিস্তানের গভীর অর্থনৈতিক সম্পর্ক থাকা সত্ত্বেও এই সিদ্ধান্ত পরিবর্তন কূটনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

সূত্র: ডন

এইচএন
আরও পড়ুন
সর্বশেষপঠিত