৭ নভেম্বর থেকে ঢাকা-দাম্মাম ফ্লাইট চালু

সৌদি আরবের সার্বিক পরিস্থিতি ও যাত্রীদের নিরাপত্তা বিবেচনায় ফ্লাইট পরিচালনায় পরিবর্তন এনেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী ৭ নভেম্বর থেকে ঢাকা-দাম্মাম-ঢাকা রুটে নিয়মিত ফ্লাইট চালু হচ্ছে। তবে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত থাকবে।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যাত্রীদের নিরাপত্তা এবং সৌদি আরবের পরিস্থিতি বিবেচনায় ফ্লাইটের সময়সূচিতে প্রয়োজনীয় সমন্বয় করা হয়েছে। এর অংশ হিসেবে ৭ নভেম্বর থেকে ঢাকা-দাম্মাম-ঢাকা রুটে প্রতিদিন ফ্লাইট পরিচালনা করা হবে। তবে নিরাপত্তার কারণে এসব ফ্লাইট আপাতত শুধু দিনের বেলায় চলবে।

অন্যদিকে, রিয়াদগামী যাত্রীদের একটি উল্লেখযোগ্য অংশ বিকল্প পথে সৌদি আরবে যাতায়াত করায় এ রুটে বর্তমানে পর্যাপ্ত যাত্রী চাহিদা নেই। এ পরিস্থিতিতে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।