২০২৭ সালের হজ নিয়ে সৌদির সঙ্গে বাংলাদেশের চূড়ান্ত চুক্তি আজ

২০২৭ সালের হজ ব্যবস্থাপনা চূড়ান্ত করতে আজ সোমবার (৯ নভেম্বর) সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের হজ চুক্তি সই হওয়ার কথা রয়েছে। চুক্তিতে বাংলাদেশের পক্ষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এবং সৌদি আরবের পক্ষে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাউজান আল-রাবিয়াহ সই করবেন।

ধর্ম মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। বর্তমানে ধর্মমন্ত্রীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল সৌদি আরবে অবস্থান করছে।

চুক্তির মাধ্যমে আগামী বছরের হজ ব্যবস্থাপনা, বাংলাদেশি হজযাত্রীর সংখ্যা এবং সৌদি আরবে হজসংক্রান্ত বিভিন্ন আনুষ্ঠানিকতার বিষয়ে দুই দেশের সমঝোতা চূড়ান্ত হবে।

২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু হয় গত ২৭ জুলাই। নিবন্ধনের শেষ সময় ছিল ২৪ সেপ্টেম্বর। সরকারি ও বেসরকারি—উভয় ব্যবস্থাপনায় হজে যেতে আগ্রহীদের প্রাথমিক নিবন্ধনের জন্য ৩ লাখ ৫০ হাজার টাকা জমা দিতে হয়েছে। প্রাথমিক নিবন্ধন করা হজযাত্রীদের আগামী ১০ ডিসেম্বরের মধ্যে প্যাকেজের বাকি টাকা পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে।

আগামী বছরের হজের জন্য সরকারি ব্যবস্থাপনায় দুটি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে প্যাকেজ-১-এর মূল্য ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা এবং প্যাকেজ-২-এর মূল্য ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা। বেসরকারি ব্যবস্থাপনায় সাধারণ প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ১৩ হাজার ৬৪৮ টাকা।

২০২৭ সালের হজে বাংলাদেশের জন্য সৌদি আরবের নির্ধারিত কোটা ৭৮ হাজার ৫০০ জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৬ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭২ হাজার ৫০০ জন হজ পালনের সুযোগ পাবেন। তবে নিবন্ধনের চাহিদা বিবেচনায় অতিরিক্ত ২০ হাজার হজযাত্রীর কোটা বাড়ানোর আবেদন জানিয়েছে বাংলাদেশ।

গত ১ নভেম্বর ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) জানিয়েছিলেন, কোটা বাড়ানোর বিষয়ে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় ইতিবাচক আশ্বাস দিয়েছে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ১৫ মে (৯ জিলহজ ১৪৪৮ হিজরি) পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। এর আগে ৮ এপ্রিল থেকে বাংলাদেশি হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট শুরু হওয়ার কথা রয়েছে।