শেখ হাসিনার পাসপোর্ট আবেদন নিয়ে যা বললেন পররাষ্ট্রসচিব

আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ০২:১৪ পিএম

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদনের বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি পররাষ্ট্রসচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী। তিনি জানিয়েছেন, সংবাদ সম্মেলনে তাঁরা মূলত বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১ নিয়ে কথা বলছেন।

সোমবার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকেরা শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রসচিব বলেন, ‘আজকে মূলত কপ-৩১ সম্মেলন নিয়ে কথা বলছি। এ বিষয়ে (হাসিনার পাসপোর্ট) কোনো বক্তব্য নাই।’

বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১-এ যোগ দিতে দুই দিনের সফরে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর সফর উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এর আগে সোমবার ভারতে অবস্থানরত শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তাঁর আইনজীবীরা নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে এ-সংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছেন। ২০২৪ সালের ৫ আগস্ট দেশত্যাগের পর বাংলাদেশের কর্তৃপক্ষের কাছে এটিই তাঁর প্রথম এ ধরনের আনুষ্ঠানিক আবেদন বলে জানিয়েছে সংবাদ সংস্থাটি।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার অংশ হিসেবে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে আবেদন করেছেন শেখ হাসিনা। তাঁর আইনজীবীরা জানিয়েছেন, দেশে ফেরার প্রস্তুতি শেষ হলে ফেরার তারিখ ঘোষণা করা হবে। এর আগে শেখ হাসিনা রয়টার্সকে জানিয়েছিলেন, আদালতে আত্মসমর্পণ করতে তিনি দেশে ফিরতে চান।

লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানকে চিঠিটি পাঠান। এতে বলা হয়েছে, অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শেখ হাসিনার আগের পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে তাঁরা জানতে পেরেছেন। এ অবস্থায় তাঁর বাংলাদেশি নাগরিকত্বের ভিত্তিতে নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যুর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছেন আইনজীবীরা। আবেদন দুটি দ্রুত নিষ্পত্তির পাশাপাশি আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বিভিন্ন চুক্তি ও দলিলের আওতায় থাকা বাধ্যবাধকতা অনুসরণের কথাও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় প্রাণঘাতী দমন-পীড়নের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় গত বছরের নভেম্বরে শেখ হাসিনাকে তাঁর অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে ভারতে অবস্থান করে তিনি এসব অভিযোগ অস্বীকার করেছেন।

রয়টার্স জানিয়েছে, শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের বিষয়ে দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমান এবং ঢাকায় প্রধানমন্ত্রীর মুখপাত্রের কাছ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এমইউ
আরও পড়ুন