শ্রমজীবী মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে দেশের ছয়টি শিল্পাঞ্চলে ১০০ শয্যাবিশিষ্ট ছয়টি হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। হাসপাতালগুলোতে শুধু শ্রমিকদের চিকিৎসাসেবা দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদে এক সংসদ সদস্যের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ পরিকল্পনার কথা জানান। এর আগে পয়েন্ট অব অর্ডারে বিএনপির সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, বাংলাদেশের নিম্ন আয়ের উৎপাদনশীল নাগরিক, বিশেষ করে শ্রমজীবী জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রীর অভিপ্রায় এবং আগ্রহের কথা আমরা শ্রমমন্ত্রীর বরাতে শুনেছি। দেশের বিভিন্ন শ্রমঘন শিল্প এলাকায় শ্রমজীবী মানুষ ও তাদের পরিবারের সদস্যদের চিকিৎসাসেবা নিশ্চিত করার জন্য হাসপাতাল প্রতিষ্ঠার কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা সরকারের আছে কি-না, সে ব্যাপারে প্রধানমন্ত্রী যদি কিছু বলেন।
এ সময় ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, ‘মাননীয় সদস্য উকিল মানুষ, ভালো স্মার্টনেস দেখালেন। মাননীয় প্রধানমন্ত্রীর কালকে প্রশ্নোত্তর পর্ব, বাহ-মানে বুধবারে, উনি তো থাকছেন না। যে কারণে প্রশ্নটা করে ফেলতে চাচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রী, ইফ ইউ আর রেডি, প্লিজ উনার কোশ্চেনের উত্তরটা যদি... ধন্যবাদ।’
পরে প্রধানমন্ত্রী বলেন, এক যুগের বেশি সময় স্বৈরাচারের দুঃসহ শাসনামলে বাংলাদেশের জ্বালানি ব্যবস্থাকে বিদেশ-নির্ভর করে ফেলা হয়েছিল। দেশের খনিজ সম্পদ দেশের মানুষের কাজে ব্যবহার না করে সবকিছু আমদানিনির্ভর করা হয়েছিল। তারেক রহমান বলেন, বাংলাদেশের শিল্পের বিকাশ না ঘটিয়ে দেশকে আমদানিনির্ভর করে ফেলা হয়েছিল। এমন সব ইচ্ছাকৃত নীতি গ্রহণ করা হয়েছিল, যার ফলে বাংলাদেশের শিল্পের স্বাভাবিক বিকাশ ঘটতে পারেনি।
প্রধানমন্ত্রী বলেন, একইভাবে স্বৈরাচারের আমলে বাংলাদেশের চিকিৎসাব্যবস্থাকে তিলে তিলে ধ্বংস করে দেওয়া হয়েছিল। বিশেষ করে গ্রামীণ মানুষের চিকিৎসাব্যবস্থা অতীতে গণতান্ত্রিক সরকারের সময় যতটুকু ছিল, সেটাও ধ্বংস করে দেওয়া হয়েছে। তিনি বলেন, কিছুদিন আগেই জাতীয় সংসদের একটি অধিবেশনে বিরোধীদলীয় নেতাও বাংলাদেশের চিকিৎসাব্যবস্থা নিয়ে তার উদ্বেগ তুলে ধরেছিলেন। সবকিছু বিবেচনায় নিয়ে দেখা গেছে, স্বৈরাচারের সময়ে পরিকল্পিতভাবে চিকিৎসাব্যবস্থা ধ্বংস করা হয়েছিল। ফলে বাংলাদেশের মানুষকে বাধ্য করা হয়েছিল বিশেষ কোনো একটি দেশে গিয়ে চিকিৎসা নিতে।
তারেক রহমান বলেন, বর্তমান সরকার বাংলাদেশের মানুষের ভোটে নির্বাচিত। দেশের প্রত্যেক শ্রেণি-পেশার মানুষের জন্য সরকার কাজ করছে। একইভাবে শ্রমিকদের চিকিৎসার বিষয়টিও সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। প্রধানমন্ত্রী বলেন, ‘শ্রমিকদের, শ্রমজীবী মানুষের সুচিকিৎসার সুবিধার জন্য সরকার এরই মধ্যে ১০০ বেডের করে মোট ছয়টি হাসপাতাল নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে।’ তারেক রহমান জানান, দেশের শিল্পাঞ্চল হিসেবে টঙ্গী, আশুলিয়া, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ, সাভার ও চট্টগ্রামে প্রাথমিকভাবে এসব হাসপাতাল নির্মাণ করা হবে। হাসপাতালগুলো শুধু শ্রমিকদের চিকিৎসাসেবা প্রদান করবে।